ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ১৭ তম শাহাদৎ বার্ষিকী মঙ্গলবার।
১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উল্টো দিকে কেন্দ্রীয় পাঠাগারের সামনে স্বৈরাচার এরশাদ সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের বুলেট কেড়ে নিয়েছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মিলনের জীবন।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন আলাদা কর্মসূচি নিয়েছে। এরমধ্যে মধ্যে শহীদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি রয়েছে।
ডা. মিলন সংসদ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে শহীদের সমাধিতে ও সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন স্মৃতি স্তম্ভে ফুল দেবে। এছাড়া সকাল ১১টায় ডা. মিলন স্মরণে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ সংগঠনও ডা. মিলন দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/২২১৫ ঘ.
bdnews24