ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় দুর্গত বরগুনা ও পটুয়াখালীতে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ একমাস স্থগিত করেছে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি থেকে দুর্গত এলাকায় কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে তারা।
নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সোমবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
হুমায়ুন কবির বলেন, "দুর্গত এলাকার সব জায়গায় তো ভোটার তালিকার কাজ শুরু হয়নি। শুধুমাত্র বরগুনা ও পটুয়াখালী -- এই দুটি জেলায় কাজ কেবল শুরু হয়েছিলো। ঘূর্ণিঝড়ের কারণে এখন এই দুটি জেলায় কাজ স্থগিত করা হয়েছে। ১ জানুয়ারি থেকে জেলা দুটিতে কাজ আবার শুরু হবে।"
সোমবার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এর আগে গত ১৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘূর্ণিঝড়ের কারণে দুর্গত এলাকায় প্রাথমিকভাবে নয় দিনের জন্য ভোটার তালিকা তৈরির কাজ স্থগিত থাকবে। সিইসি বলেন, "তবে এ জন্য নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ক্ষতিগ্রস্ত হবে না। কেননা দুর্যোগের কথা চিন্তা করেই রোডম্যাপ করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/ এমএ/১৭৪৫ ঘ.
bdnews24