ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
তিনি বলেন, সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা ঠিক থাকলেও বিতরণের প্রক্রিয়ায় সমন্বয়ের অভাব রয়েছে। দুর্গত এলাকার মানুষের হাতে ত্রাণ পৌঁছাতে জেলা সদরে স্থাপিত কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে বিতরণের দাবি জানান তিনি।
তিনি বলেন, এতে সমন্বয়হীনতা হবেনা। বরং সবাই ঠিকমত ত্রাণ পাবে।
সোমবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং এ তিনি গত দুদিনে পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার দুর্গত এলাকা পরির্দশন ও ত্রাণ বিতরণ শেষে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একথা বলেন।
এরশাদ বলেন, যেভাবে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, তাতে ফসলের ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে এবারে ৪২ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি হতে পারে। সেজন্য আগেভাগে চাল আমদানি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
পল্লী ঋণ, ভেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি জানিয়ে এইচ এম এরশাদ বলেন, ''১৯৯১ সালের পর থেকে দক্ষিণাঞ্চলে কোনো আশ্রয় কেন্দ্র হয়নি, এটা দুঃখজনক। আমাদের বিশাল জনগোষ্ঠীর জন্য অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বেশি করে আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিতে হবে।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''ত্রাণ বিতরণের সঙ্গে রাজনীতির কোনো সর্ম্পক থাকতে পারে না। দুই নেত্রী আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে দুর্গত এলাকায় যাওয়ার সুযোগ পেলে ভাল হয়।''
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও সভাপতিমন্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএ/১৬১২ঘ.
bdnews24