ঢাকা, নভেম্বর ২৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিএনপির মধ্যকার দ্বিধা-বিভক্তি 'আদর্শগত নয়,বরং ব্যক্তি পর্যায়ের'-এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে.জেনারেল মাহবুবুর রহমান।
রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত দেন।
জেনারেল মাহবুব বলেন,'' বিএনপি একটি বিশাল গণতান্ত্রিক দল। এই দলের আর্দশ নিয়ে কোনো বিভেদ নেই। এখন যে বিভেদ আছে, তা ব্যক্তি পর্যায়ের। তবে এই দ্বিধা-বিভক্তি কেটে যাবে।''
আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন
জেনারেল মাহবুব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কারা অন্তরীন দলীয় নেত্রীর অবর্তমানে স্থায়ী কমিটি দল পরিচালনা করছেন। খালেদা জিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হয়ে বেরিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক মাহবুবুর রহমান দক্ষিণাঞ্চলে দলীয় ত্রাণ তৎপরতার কথা তুলে ধরেন। গত ২২ নভেম্বর তার নেতৃত্বে একটি ত্রাণ টিমের পিরোজপুরের ঘূর্ণিবিধ্বস্ত এলাকা 'জিয়ানগর' পরির্দশনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
'সীমিত সম্পদের মধ্যে' বিএনপি অসহায় মানুষদের মধ্যে ত্রাণ দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। আরও তিনটি ত্রাণ টিম বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠিতে কাজ করছে বলে মাহবুব জানান।
এবারের ঘূর্নিঝড়ে ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, "জিয়া নগরে আমি নিজে গিয়ে দেখেছি, শুক্রবারে মসজিদে নামাজ পড়ার লোক নেই। কোনো গবাদি পশু চোখে পড়েনি। এ থেকে বোঝা যায়, কী পরিমাণ প্রাণহানি ঘটেছে। "
সরকারি ত্রাণ বিতরণ 'ভালোভাবে হচ্ছে' মন্তব্য করে মাহবুব বলেন, তিনি কোথাও খাদ্য সংকটের অভিযোগ পাননি। তবে খাবার পানির সংকট প্রকট বলে উল্লেখ করেন তিনি। ক্ষতিগ্রস্তদের গৃহ পুনর্র্নিমাণ, সহজ শর্তে ঋণদান এবং উপকুলীয় এলাকায় মানুষ ও গবাদি পশুর জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি জানান বিএনপির এ সিনিয়র নেতা।
মার্কিন সেনাদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "১৯৯১ সালের মতো এবারো মার্কিন মেরিনরা মানবতার বিপর্যয়ে এগিয়ে এসেছে, এটা প্রশংসার দাবি রাখে। "
সংবাদ ব্রিফিঙে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম এবং কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এহসানুল কবীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৩১ঘ.
bdnews24