২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনমত গড়ে তুলতে স্বাক্ষর সংগ্রহ করবে 'খালেদা জিয়া মুক্তি পরিষদ'

খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে জনমত গড়ে তুলতে আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে স্বাক্ষর সংগ্রহ করবে নবগঠিত 'খালেদা জিয়া মুক্তি পরিষদ'। রোববার সংগঠনের ঘোষণাপত্র প্রকাশের সময় এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে জনমত গড়ে তুলতে আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে স্বাক্ষর সংগ্রহ করবে নবগঠিত 'খালেদা জিয়া মুক্তি পরিষদ'। রোববার সংগঠনের ঘোষণাপত্র প্রকাশের সময় এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। বারিধারার ৮৭ সোহ্রাওয়ার্দী এভিনিউতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেলোয়ারপন্থী এই নেতা ১৪ দফা ঘোষণাপত্র পাঠ করেন। এসময় আখতারুজ্জামান বলেন, "জাতীয়তাবাদী শক্তির বলয়ে এখনো খালেদা জিয়ার সমতুল্য বা বিকল্প কোনো নেতা সৃষ্টি হয়নি। নেত্রী অতীতের রাজনৈতিক ব্যর্থতার কারণগুলো নিজের দুঃখ, কষ্টে উপলব্ধি করেছেন। আগুনে পোড়া নতুন খালেদা জিয়াই পারবেন দেশকে এগিয়ে নিতে; তাকে মুক্ত করতেই হবে।" মুক্তি আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে ছয় স্তর বিশিষ্ট সাংগঠনিক কাঠামো গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, "ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এ সংগঠনের কমিটি থাকবে।" সংবাদ সম্মেলনে বলা হয়, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনা, বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক, সেমিনার করা হবে। একইসঙ্গে দূতাবাসগুলোর এবং বিদেশি সংস্থার সঙ্গেও নেত্রীর মুক্তির জন্য আলোচনা করে চাপ সৃষ্টি করা হবে। এক প্রশ্নের জবাবে মেজর আখতার বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত গ্যাটকো মামলাটি অবৈধ। আইনী প্রক্রিয়ার বিষয়টি আইনজীবীরা দেখছেন। আমরা সারা দেশের মানুষের প্রত্যাশার নিদর্শন হিসেবে কোটি কোটি জনগণের স্বাক্ষর সংগ্রহ করবো। এই স্বাক্ষর সরকারের কাছে উপস্থাপন করে বলবো- খালেদা জিয়াকে মুক্তি দিন।" সাবেক এই সেনা কর্মকর্তা সরকারের দুর্নীতি দমন ও সন্ত্রাস নিধনে যৌথবাহিনীর উদ্যোগের প্রতিও সমর্থন জানান। সংগঠন সম্পর্কে মেজর আখতার বলেন,"বিএনপির সঙ্গে এ দলের কোনো সম্পর্ক নেই। এটি খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে গঠন করা হয়েছে। তবে আমরা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বের প্রতি আস্থাশীল।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব রাজ্জাক সেলিম, যুবদল নেতা আলতাফ মোল্লা, সাহেদ পারভেজ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৪৪৫ ঘ.