ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দেয়া নোটিশের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে ওই নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা আগামী ৮ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে দুদক চেয়ারম্যান, সচিব, স্বরাষ্ট্র সচিব, ও দুদকের এক উপ পরিচালকের প্রতি আদেশ দিয়েছে আদালত।
রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের আহম্মেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার রিট আবেদনে পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। (আরো তথ্যসহ)
এদিকে রোববার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সাংবাদিকদের কাছে জানান, তারা উচ্চতর আদালতে যাবেন। তিনি বলেন, '' আমরা বিষয়টিকে আইনের কাঠামোর মধ্যে রাখবো। আামাদের কার্যক্রমে কোনওক্রমেই আইনের ব্যতিক্রম হতে দেবো না। কাল (সোমবার) কমিশনের বৈঠকে কী আইনি পদক্ষেপ নেওয়া যায় , সে বিষয়ে সিদ্ধান্ত হবে।''
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, '' এখনও তো মামলাটার শেষ দেখা হয়নি। উচ্চতর আদালত রয়ে গেছে। আমরা হয়তো সেখানে যাবো। আমরা দুর্নীতির কাছে পরাজয় মানব না।''
রিটটির ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আদেশের পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "দুদক খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়ার আগে আইন অনুযায়ী অনুসন্ধান করেনি। অনুন্ধান ছাড়া বেআইনী ভাবে এ নোটিশ দিয়েছে দুদক।"
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, "দুদক আইন লঙ্ঘন করে রাজনৈতিক হয়রানির উদ্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে এ নোটিশ দিয়েছে।"
২২ নভেম্বর খালেদা জিয়া তার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
১৮ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের হিসাব চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দেয়।
সাত কার্যদিবসের মধ্যে হিসাব জমা দেয়ার কথা থাকলেও খালেদা জিয়া সম্পত্তির হিসাব বিবরণী জমা দেন ৬ আগস্ট।
গ্যাটকো দুর্নীতি মামলায় ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24