২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের পাশে দাঁড়াতে দুই নেত্রীর মুক্তির দাবি হাফিজের

দুর্গত মানুষের পাশে দাঁড়াতে কারা অন্তরীণ দুই নেত্রীসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। একই সঙ্গে তিনি আগামী এক মাসের মধ্যে সারাদেশ থেকে জরুরি প্রত্যাহারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 09:29 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্গত মানুষের পাশে দাঁড়াতে কারা অন্তরীণ দুই নেত্রীসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। একই সঙ্গে তিনি আগামী এক মাসের মধ্যে সারাদেশ থেকে জরুরি প্রত্যাহারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। মেজর হাফিজউদ্দিন তার নির্বাচনী এলাকা ভোলায় দুই দিনের ত্রাণ কার্যক্রম শেষে ঢাকায় ফিরে শনিবার দুপুরে সাংবাদিকদের এ দাবির কথা জানান। দক্ষিণাঞ্চলে দুর্গত এলাকায় সরকারি ত্রাণ প্রয়োজনের অপ্রতুল উল্লেখ করে তিনি বলেন, "সেখানে মানুষ খোলা আকাশের নিচে আছে; দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। এ ছাড়া খাবার স্যালাইনও নেই।" ত্রাণ কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, "সরকারকে দুর্গত এলাকায় আরো বেশি করে ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছাতে হবে।" এক প্রশ্নের জবাবে এই সাবেক সেনা কর্মকর্তা বলেন,''শুধু দুই নেত্রীই নন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সব কারাবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া প্রয়োজন। তারা যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, তার ব্যবস্থা সরকারকে করতে হবে।'' বিএনপির পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে- এ কথা সাংবাদিকদের জানিয়ে মেজর হাফিজ বলেন "কেন্দ্রীয় ত্রাণ টিম ছাড়াও সেখানে স্থানীয় নেতা-কর্মীরা কাজ করছে। ভোলায় রোববার আরেকটি ত্রাণ পাঠানো হচ্ছে।" নিজ নির্বাচনী এলাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন বলেন,''আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। তাদের কৃষি ঋণ ও সার সরবরাহ করতে হবে।'' সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি দুর্গত মানুষের জন্য শিগগিরই গৃহ নির্মাণ ও কৃষি ঋণ দেওয়ার ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান। এ সময় মেজর হাফিজের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহমান খান। সকালে ভোলা সফর শেষে মেজর হাফিজ গুলশানের বাসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমানের সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৫২১ ঘ.