২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ার অনুসারীরা 'ভিন্ন মতাবলম্বী':হাফিজ

খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারীদের 'ভিন্ন মতাবলম্বী' বলে অভিহিত করে বিএনপির কথিত সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেছেন, আদালতের রায় নিয়ে মূলধারা হিসেবে তারাই শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারীদের 'ভিন্ন মতাবলম্বী' বলে অভিহিত করে বিএনপির কথিত সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেছেন, আদালতের রায় নিয়ে মূলধারা হিসেবে তারাই শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবেন। মঙ্গলবার দুপুরে বনানীর বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ''দলের ভিন্ন মতাবলম্বী গ্র"প আদালতে গেছেন, এটা দলের জন্য দুর্ভাগ্যজনক। আমার দৃৃঢ় বিশ্বাস, আদালতের রায়ের পর মূলধারা হিসেবে আমরাই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসব।'' কারা অন্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও ওই সংলাপ আপাতত স্থগিত করেছে। এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন বলেন, ''সব মামলার ক্ষেত্রে আদালত যেমনটি করে থাকেন, এই মামলার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে আদালতে যে রিট আবেদনটি হয়েছে, তা দলের চেয়ারপার্সনের কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। নেত্রী কারাবন্দী। কারাগারে থেকে তার রাজনীতি করার সুযোগ নেই। আইনজীবীরা নেত্রীর কাছে থেকে কোন মামলায় সই এনেছেন, তা দেখতে হবে।" দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে চেয়ারপার্সন আদালতে যেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। কারা অন্তরীণ খালেদা জিয়ার অনুপস্থিতিতে স্থায়ী কমিটির নেতৃত্বে দল চলবে উল্লেখ করে তিনি বলেন, ''এখন আর কোনো ভেদাভেদ সৃষ্টি না করে দলকে গোছাতে সবাইকে কাজ করতে হবে। দলে সংস্কার হবে। খালেদা জিয়াকে নিয়েই আমরা সংস্কার করব। '' দলের নেতা-কর্মীদের দক্ষিণাঞ্চলে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান বিএনপির অস্থায়ী মহাসচিব। মতবিনিময় অনুষ্ঠানে সাবেক সাংসদ আনোয়ার হোসেন খান চৌধুরী, যুবদল নেতা আলী আক্কাস নাদিম, সাবেক ছাত্র দল নেতা মুনির হোসেন, জাকির হোসেন বাবলুসহ মীরপুর ও পল্লবী ছাত্র দলের নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এমএ/২১২৪ঘ.