ঢাকা, নভেম্বর ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে দূর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির দুই অংশই ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে খোন্দকার দেলোয়ারপন্থি অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদের নেতৃত্বে একটি দল বরিশাল ও পটুয়ালী জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে দলের সংস্কারপন্থি অংশ তিন-চারদিনের মধ্যে দূর্গত এলাকায় যাবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচির অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।
বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিএনপির পক্ষ থেকে প্রথম ত্রাণ টিম মঙ্গলবার দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওনা হয়েছে। ওই টিম সরেজমিনে দেখে আসার পর আরও টিম যাবে।'' তিনি জানান, স্থানীয় পর্যায়ে দলের নেতা-কর্মীদের দূর্গত মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল, পটুয়াখী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনাসহ দক্ষিণাঞ্চলে আমাদের দলের নেতা-কর্মীরা কাজ করছে। কারাবন্দী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত শনিবার গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
এদিকে স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের জানান, তিনি ৩/ ৪ দিনের মধ্যে নিজ নির্বাচনী এলাকাসহ দক্ষিণাঞ্চলে যাবেন ত্রাণ দিতে। সংগঠনের কাজে ব্যস্ত থাকায় তাঁর যেতে দেরি হচ্ছে বলে মন্তব্য করলেও তিনি দাবি করেন, দলের স্থানীয় পর্যায়ে নেতা-কর্মীরা দূর্গতদের পাশে আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এমএইচবি/২১১৬ ঘ.
bdnews24