ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন ও ওরিয়ন গ্র"পের ওবায়দুল করিমের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। শুল্কমুক্ত কোটায় গাড়ি এনে বিক্রি করে দেওয়ার অভিযোগে করা মামলায় আদালত এ আদেশ দেয়।
মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দেন তেজগাঁও ও গুলশান থানা কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বিচারক মো. আজিজুল হক তাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের এ নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, বিএনপির সাবেক হুইপ আশরাফ হোসেনের তেজগাঁও থানা এলাকার ন্যাম ফ্ল্যাটের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে ওবায়দুল করিমের গুলশানের ঠিকানায় গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ মামলার অপর আসামি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।
আগামী ২৫ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর ওই তিনজনসহ হারিছ চৌধুরীর শ্যালক মামুন আহম্মেদ ওরফে মাসুদ ও তার গাড়ি চালক মো. সালামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে বলা হয়, ওবায়দুল করিম গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণকাজ ও অন্য আরও বিষয়ে সহায়তা পাওয়ার জন্য হারিছ চৌধুরীকে ঘুষ হিসাবে নতুন ব্র্যান্ডের ২০০৫ মডেলের টয়োটা ইনফিনিটি গাড়ি দেন। বিএনপির সাবেক হুইপ আশরাফ হোসেনের নামে সাংসদ কোটায় শুল্কমুক্ত গড়িটি আমদানির জন্য যাবতীয় কাগজপত্র তৈরি করা হয়। ওবায়দুল করিম গাড়ি আমদানির যাবতীয় খরচ দেন। অবৈধভাবে গাড়ি আমদানিতে সহায়তা করে আশরাফ হোসেন আর্থিকভাবে লাভবান হন।
অভিযোগে বলা হয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর হারিছ চৌধুরী তার শ্যালক মাসুম ওরফে মাসুদ আহম্মেদের মাধ্যমে গাড়িটি বিক্রির চেষ্টা চালান। গাড়িটি বিক্রি করতে পারলে হারিছের গাড়ি চালক সালাম পাঁচ লাখ টাকা পাবে এ আশ্বাসে ক্রেতা খুঁজতে থাকে। এ সময় ২৭ ফেব্র"য়ারি রাতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা গ্রিনরোড ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে গাড়িটি জব্দ করে।
গাড়ি জব্দের ঘটনায় ৫ জুন ধানমণ্ডি থানার উপপরিদর্শক আবদুল হাই একটি মামলা দায়ের করেন।
এ মামলায় মাসুম ও সালাম বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএ/২১১৫ঘ.
bdnews24