২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরে ভোটার তালিকার কাজ শুরু

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ২৮টি থানায় ভোটার তালিকা তৈরির জন্য মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। ২৯ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ২৮টি থানায় ভোটার তালিকা তৈরির জন্য মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। ২৯ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। (আরও তথ্যসহ) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের পর ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কাজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্রও । ডিসিসিতে ৯৫১টি ভোটার নিবন্ধন কেন্দ্র খোলা হবে। সকাল সাড়ে ৮টায় মিন্টো রোডে ঢাকার বিভাগীয় কমিশনারের বাসা থেকে নির্বাচন কর্মকর্তারা তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। ঢাকার বিভাগীয় কমিশনার একরাম আহমেদ, তার স্ত্রী ও দুই ছেলেকে ভোটার নিবন্ধন ফরম দেওয়ার মাধ্যমে এই কাজ শুরু করা হয়। উপ - নির্বাচন কমিশনার লুৎফর রহমান বিশ্বাস ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আহমেদ এসময় উপস্থিত ছিলেন। লুৎফর রহমান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে প্রথম দফায় তারা ডিসিসির ২২টি থানায় ভোটার তালিকার তথ্য সংগ্রহ করতে চেয়েছিলেন। পরিকল্পনা ছিলো জনবহুল ছয়টি থানার কাজ পরে শুরু করার। পরে সেনা বাহিনীর পরামর্শে মঙ্গলবার তারা একযোগে ২৮ টি থানাতেই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। একরাম আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই প্রথম বারের মতো ছবিসহ ভোটার তালিকাভুক্ত হতে যাচ্ছি। আমি মনে করি, ডিজিটাল এই ভোটার তালিকা নির্ভুল হবে। আর নির্ভুল ভোটার তালিকা তৈরি হলে স্থানীয় ও জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করা সম্ভব।" এদিকে তথ্য সংগ্রহকারীরা জানান, চাকরিজীবী বলে ডিসিসির অনেক এলাকাতেই প্রথমদিনে ভোটারদের বাসায় পাওয়া যাচ্ছে না। আদাবরের রিং রোডে একটি চার তলা বাসায় ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ চলছিলো। বিকাল সাড়ে ৪টার দিকে ওই বাসার দোতলায় গিয়ে দেখা যায় ৪ জন ভোটারের মধ্যে গৃহবধু বিলকিস সুলতানা (৪৫) একাই বাসায় রয়েছেন। অন্যরা গেছেন কর্মস্থলে। বিলকিস সুলতানা বলেন, "আমাদের এলাকায় ভোটার তালিকার কাজ শুরু হচ্ছে, এমন কোনো আগাম তথ্য আমি জানতাম না। তথ্য সংগ্রহকারীরা নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখিয়ে বাসায় আসার পরেই বিষয়টা আমি জানতে পাই।" তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজার হাফিজুর রহমান বলেন, "সকাল থেকেই শ্যামলী ও আদাবরের বিভিন্ন আবাসিক এলাকায় কাজ চলছে। তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মজীবীদের বাসায় পাওয়া যাচ্ছে না। এ জন্য আমরা সন্ধ্যার পরেও তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে পুরোদমে কাজ চলবে।" তথ্য সংগ্রহকারী নাদিরা ইয়াসমিন বলেন, "আমাদের ওপর নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ ছিলো, দিনে অন্তত ১০০ জন ভোটারের তথ্য সংগ্রহ করতে। কিন্তু বেশীরভাগ ভোটারকে বাসায় পাওয়া না যাওয়ায় দিনে ৫০ - ৬০ জনের বেশী ভোটারের তথ্য পাওয়া যাচ্ছে না। এভাবে সবার তথ্য সংগ্রহ করতে হলে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত কাজ করতে হবে।" গতবারের সাধারণ ভোটার তালিকার চেয়ে এবার ছবিসহ ভোটার তালিকার তৈরির কাজ বেশ কঠিন বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এ জন্য তথ্য সংগ্রহকারীদের সম্মানী ভাতা আরও বাড়ানো উচিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এমএ/১৮২৯ঘ.