২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের পাশে দাঁড়াতে না পেরে দুঃখ প্রকাশ করলেন হাসিনা

দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারায় শেখ হাসিনা নিজের বেদনার কথা স্বামী ড. ওয়াজেদ মিয়ার কাছে প্রকাশ করেছেন। শনিবার বিকেলে সংসদ ভবনে সাব জেলে ৪০তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ড. ওয়াজেদ স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ওই বেদনার কথা বলেন।(আরোও তথ্য সহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারায় শেখ হাসিনা নিজের বেদনার কথা স্বামী ড. ওয়াজেদ মিয়ার কাছে প্রকাশ করেছেন। শনিবার বিকেলে সংসদ ভবনে সাব জেলে ৪০তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ড. ওয়াজেদ স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ওই বেদনার কথা বলেন। প্রায় ঘন্টাখানেক শেখ হাসিনার সঙ্গে কথা বলে ড. ওয়াজেদ মিয়া বাসায় চলে যান। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময়ে নাতি শামসুর রহমান টুটুলও তার সঙ্গে ছিলেন। পরে শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ ড. ওয়াজেদ মিয়ার বরাত দিয়ে সাব জেলে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "ঘূর্ণিঝড়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারায় নেত্রী দুঃখ প্রকাশ করেছেন।" হাসান মাহমুদ অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে শেখ হাসিনার সঙ্গে আইনজীবী ও আত্মীয়-স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না। নেত্রীর কক্ষে টেলিভিশনে কেবল সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সবগুলো জাতীয় পত্রিকা শেখ হাসিনাকে সরবরাহের দাবি জানান। এ ব্যাপারে উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জেল কোড অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার আইনজীবী ও আত্মীয় স্বজনকে দেখা করতে দেওয়া হচ্ছে। জরুরি মামলার ক্ষেত্রে অনেক সময় একদিনেই ২/৩ বার দেখা করারও নজির রয়েছে।" জেল কোডে কেবল চ্যানেল ব্যবহারের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, "সাব জেলের যে বাড়িতে সাবেক প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে, সেই বাড়িতে আগে স্যাটেলাইট চ্যানেলের লাইন ছিল বলে তিনি কিছুদিন দেখতে পেরেছেন। তবে জেল কোডে ৪টির বেশি পত্রিকা সরবরাহের কোনো সুযোগ নেই।" ৩০ অক্টোবর ড. ওয়াজেদ মিয়া সাব জেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএল/এমএ/১৮১৫ ঘ.