রাজশাহী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে রাজশাহীতে আট জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তারের পর তাদের থানায় সোপর্দ করা হয়।
যৌথবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মুনীম ফেরদৌস সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল নিউ মার্কেটের অর্চি কম্পিউটার, কাজী টেলিকম ও ফটোস্ট্যাট এবং নিউ মার্কেটের পাশের ফজলার মার্কেটের এস আর কম্পিউটার সার্ভিস নামে তিনটি দোকানে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করে। তারা কম্পিউটারের মাধ্যমে জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করছিলো।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাজী টেলিকমের তিন কর্মচারী এজাজ আহম্মেদ মুন্না (২০), শাহীনুর ইসলাম বকুল (১৯) ও মো. রাজু। অর্চি কালার ফটোস্ট্যাটের মালিক রেজাউল করিম (৫০) ও ইয়াসিন আলী (১৮)। এস আর কম্পিউটার সার্ভিসের মো. রহিসউদ্দীন পলিন (২২), মো. বিপুল (১৯) ও রিপন ইসলাম (২০)।
দোকানগুলোতে নকল জাতীয় পরিচয়পত্র এবং দোকানের কম্পিউটারে জাতীয় পরিচয়পত্রের নমুনাও পাওয়া যায় বলে যৌথবাহিনী কর্মকর্তারা জানান।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.
bdnews24