২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় গাইবান্ধায় জামায়াত নেতা রশিদ গ্রেপ্তার

চাকরি দেয়ার নাম করে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও মদিনা এন্টারপ্রাইজের মহাপরিচালক জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রশিদ মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

গাইবান্ধা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাকরি দেয়ার নাম করে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও মদিনা এন্টারপ্রাইজের মহাপরিচালক জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রশিদ মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সাদুল্লাপুর উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে বুধবার গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস। তিনি জানান, আব্দুর রশিদ মিয়া পোল্ট্রি ও ফিসারিজ ফার্ম মদিনা এন্টারপ্রাইজের নামে চলতি বছরের শুরুর দিকে উত্তরাঞ্চলের ৮ জেলায় মোটর সাইকেলের ১৭টি শোরুম খোলে। এইসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপক (ম্যানেজার), বিক্রয় প্রতিনিধিসহ (সেলস এজেন্ট) বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে দেড়শ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত মুচলেকায় ৩ শতাধিক বেকার যুবকদের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত অগ্রিম জামানত হিসেবে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিলো। প্রতারণার অভিযোগে রশিদ মিয়ার বিরুদ্ধে চলতি বছরের মাঝামাঝিতে বগুড়ার সোনাতলা, রংপুর সদর ও সাদুল্লাপুর থানায় বেশ কয়েকটি মামলা হয়। ওসি ইমরুল কায়েস জানান, গোপন সূত্রে রশিদ মিয়ার বাড়ি ফেরার খবর জানতে পেরে পুলিশের একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মো. আব্দুর রহিম বেপারীর ছেলে আব্দুর রশিদ ১৯৯০ সালে সাদুল্লাপুর ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করে। এরপর গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনেও শিবিরের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেন তিনি। তবে দুবারই তিনি পরাজিত হন। পরে শ্যালো ইঞ্জিনের ব্যবসা শুরু করেন তিনি। বিগত চারদলীয় জোট সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিলে চারদলীয় জোট প্রার্থী পরিচয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালান আব্দুর রশীদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৫ ঘ.