কিশোরগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিকলী-বাজিতপুর আসনের সাবেক সংসদ ও বিএনপি নেতা মজিবুর রহমান মঞ্জু বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের উদ্দিন তাহু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মঞ্জু বুধবার দুপুরে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানির পর ম্যাজিস্ট্রট আবু তাহের মো. সাঈদ জামিন আবেদন নাকচ করে দিয়ে মঞ্জুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৬ সালের ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান তাহের উদ্দিনকে গুরুই বাজার এলাকায় প্রকাশ্যে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী জোছনা আক্তার বাদী হয়ে নিকলী থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। তদন্ত শেষে নিকলী থানা পুলিশের দেওয়া অভিযোগপত্রে মঞ্জুকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৩০ ঘ.
bdnews24