ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা যায় কি না, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে গত সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের জানিয়েছিলেন, উপজেলা ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার অনুরোধ জানিয়ে শিগগিরই তারা নির্বাচন কমিশনে চিঠি দেবেন।
সিইসি শামসুল হুদা এ বিষয়ে বলেন, "স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি আমরা পাইনি। এ রকম প্রস্তাব এলে ভেবে দেখব। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
দুই ধরনের নির্বাচন একসঙ্গে আয়োজনের সামর্থ্য নির্বাচন কমিশনের আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "সেটাও আমরা জানি না। নির্বাচন কমিশনের যারা অভিজ্ঞ, যাদের একাধিক নির্বাচন করার অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করতে হবে।"
সিইসি আরও বলেন, "এতে (একসঙ্গে দুই নির্বাচন করা) কিছু অসুবিধাও আছে। এজন্য দ্বিগুণ ব্যালট বাক্স লাগবে। এছাড়া দুই ধরনের ব্যালট পেপার প্রয়োজন হবে। পোলিং অফিসারের সংখ্যাও বাড়াতে হবে।"
যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, "সংলাপের প্রস্তাবগুলো একসঙ্গে করে আবারও আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবো। চূড়ান্ত আলোচনার পর এটি আমরা সরকারের কাছে পাঠাব। তারপর দলগুলোর নিবন্ধনের শর্ত ঠিক করা হবে।"
সিইসি বলেন, "ফেব্র"য়ারিতে ভোটার তালিকা চূড়ান্ত করতে পারলে মার্চে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এসকে/১৭২০ঘ.
bdnews24