২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ট্রাস্ট মামলায় হাসিনার জামিনের বিরুদ্ধে আপিলের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে

বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি। সরকার ও দুর্নীতি দমন কমিশনের করা ওই আপিলের ওপর আগামী ২০ নভেম্বর শুনানি হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিন সোমবার এ আদেশ দেন। আদালতে শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খলিকুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। গত ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেয় সরকার। ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। একইসঙ্গে এ মামলায় জামিনের আবেদনও করেন তিনি। শেখ হাসিনাকে গত ১৬ জুলাই সুধাসদন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওই দিনই তাকে ব্যবসায়ী আজম জে চৌধুরীর তিন কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০০৫ ঘ.