২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ওয়্যারলেস টাওয়ার স্থাপনের দায়ে সাবেক সাংসদ লালুর ৫ বছর জেল

নিজের বাসায় অবৈধ ওয়্যারলেস টাওয়ার স্থাপনের দায়ে বগুড়া-৭ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 06:32 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বগুড়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিজের বাসায় অবৈধ ওয়্যারলেস টাওয়ার স্থাপনের দায়ে বগুড়া-৭ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ দণ্ডাদেশ দেন। রায়ে সাবেক সাংসদ লালুকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগের নির্দেশ দেয়া হয়। রায়ের সময় সাবেক এ সাংসদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ত্রাণের টিন আত্মসাতের মামলায় বর্তমানে তিনি এক বছর সাজা খাটছেন। রোববারের রায়ের পর লালুর আইনজীবী মীর ইকবাল সাংবাদিকদের জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। চলতি বছরের ১৩ ফেব্র"য়ারি বগুড়া শহরে সূত্রাপুরের বাসা থেকে লালুকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। ওই সময় 'চম্পামহল' নামে তার ওই বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ত্রাণের বেশ কিছু টিন। একইসঙ্গে ওই বাসায় একটি অবৈধ ওয়্যারলেস টাওয়ারের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। ওই ঘটনায় গত ১৫ ফেব্র"য়ারি পুলিশ বাদি হয়ে আলাদা দুটি মামলা করে। ওয়্যারলেস টাওয়ার বসানোয় টেলিযোগাযোগ আইনে মামলাটি করেন সদর থানার উপ-পরিদর্শক আতাউর রহমান। সাবেক এ সাংসদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরো চারটি মামলা বিচারাধীন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.