ঢাকা, নভেম্বর ১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য সুপারিশমালা প্রণয়ন করতে কমিটি গঠন করেছে বিএনপি। ৭ সদস্যের কমিটির আহবায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান ভূঁইয়াকে।
আগামী ২২ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। এ লক্ষ্যে রোববার সন্ধ্যায় গুলশানে আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় তার সভাপতিত্বে প্রস্তাব প্রণয়ন কমিটির বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান এই কমিটি গঠন করে দেন।
কমিটি গঠনের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিএনপি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। আমরা চাই, পেশিশক্তি, কালো টাকার প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব কমিশনকে সংলাপের সময়ে আমরা দেব।"
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করীম, ইনাম আহমেদ চৌধুরী ও ড. ওসমান ফারুক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24