ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে যাতে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারে সে লক্ষ্যে জ্যেষ্ঠ নেতাদের উদ্যোগ চলছে বলে জানিয়েছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।
শুক্রবার দুপুরে বনানীর বাসায় মেজর হাফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
তিনি বলেন, "দলে কিছু ভুল বোঝাবুঝি আছে। দলের শীর্ষ নেতারা তা নিরসন করে ঐক্য স্থাপনে কাজ করছেন। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।"
দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করে মেজর হাফিজ বলেন, "যে বা যারা এ ধরনের কাপুরুষোচিত হামলা করেছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে। যারা ঐক্যের বিরুদ্ধে তারাই এই হামলা চালিয়েছে।''
হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার সকালে গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বাসায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, "বিগত দুইটি সরকার আমলে সন্ত্রাস ও দুর্নীতি পৃষ্ঠপোষকতা পেয়েছে। এসময়ে বিএনপি শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। ফলে বিগত পাঁচ বছর আমাদের দলেও কিছু ব্যক্তি কালো টাকার দাপট দেখিয়ে দলকে কলুষিত করেছে।"
তিনি বলেন, "আমরা বিএনপিকে কলুষমুক্ত করে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।"
শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের কারণে ১১ জানুয়ারির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বলে মেজর হাফিজ মনে করেন।
অস্থায়ী মহাসচিব নিজেদের দলের 'মূলধারা' দাবি করে আবার বলেন, "বিএনপিতে কোনো বিভেদ নেই। আমাদের দল একটাই। দলের নেত্রী ও চেয়ারপারসন কারারুদ্ধ, তার অনুপস্থিতেই দলের সর্বজ্যেষ্ঠ নেতা এম সাইফুর রহমান দায়িত্ব নিয়েছেন। নির্বাচন কমিশন আমাদের চিঠি দিয়ে মূলধারা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর মূলধারা নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরাই নির্বাচন করব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমএ/১৭৫০ঘ.
bdnews24