ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলে যারা ঐক্য চায় না তারাই স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ।
দলে ঐক্য প্রতিষ্ঠায় জ্যেষ্ঠ নেতাদের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, "এ অপ্রীতিকর ঘটনার পরও আমাদের ঐক্য প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঐক্য স্থাপনের পরই আমরা বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে বসতে চাই।"
বৃহস্পতিবার দুপুরে বনানীর বাসায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। তবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্ এর গ্রেপ্তারের বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে এটিকে 'আইনগত' বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, "আইন নিজস্ব গতিতেই চলবে।"
৭৫ এর ১৫ আগস্টের ঘটনায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রশিদ খানের 'বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত' ও এ সংক্রান্ত কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, "তদানীন্তন উপ-সেনা প্রধান জিয়াউর রহমান কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না। গণ মাধ্যমে যেসব বক্তব্য আসছে, এগুলো সব অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।"
মেজর হাফিজ বিএনপির দুই অংশের ঐক্য সম্পর্কে মতামত ব্যক্ত করে বলেন,"দলের জ্যেষ্ঠ নেতারা আলাপ আলোচনা করছেন, আলোচনায় যথেষ্ট অগ্রগতিও হয়েছে। আশাকরি বিএনপি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবেই অংশ নেবে।"
তিনি নিজের অংশকে দলের পুনরায় 'মূলধারা' দাবি করে বলেন, "আমাদের চেয়ারপারসন কারারুদ্ধ, তার অনুপস্থিতেই দলের সর্ব জ্যেষ্ঠ নেতা দায়িত্ব নিয়েছেন। নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিয়ে মূলধারা হিসেবেই স্বীকৃতি দিয়েছে।"
এক প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন হান্নান শাহ্ কে দলের 'শীর্ষ পর্যায়ের নেতা' নয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, "দলের স্থায়ী কমিটি ও সহ-সভাপতিরাই শীর্ষ পর্যায়ের নেতা। হান্নান শাহ্ সেই পর্যায়ে পড়েন না।"
সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদ ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, "বিগত ১০ বছর পেশী শক্তি ও কালোটাকার আধিক্য এবং শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের কারণে ১১ জানুয়ারির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। আমাদের দলের চেয়ারপারসনও দলে সন্ত্রাস ও দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিতে চাননি, কিন্তু তার নাম ব্যবহার করে বিগত পাঁচ বছর কিছু ব্যক্তি দলকে কলুষিত করেছে। আমরা বিএনপিকে কলুষমুক্ত করে সৎ এবং নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।"
সংবাদ ব্রিফিয়ে অন্যদের মধ্যে ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম, জেড এ খান, এম এ হাকিম, সাবেক সাংসদ শাহ্ মো. আবুল হোসাইন ও নাজির হোসেন।
এর আগে টাঙ্গাইলের মির্জাপুর বিএনপি নেতা ফিরোজ হায়দার খানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্থায়ী মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় তিনি দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৩১১ঘ.
bdnews24