ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের কারাবন্দী সভানেত্রী শেখ হাসিনাকে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্য সব কারাবন্দী নেতা-কর্মীরও মুক্তি দাবি করেছেন তিনি।
সোমবার বিকেলে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত নেতা-কর্মীদের স্বজন ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার এক অনুষ্ঠানে জিল্লুর রহমান এ দাবি জানিয়ে বলেন, "জামিন দেওয়াটাই নিয়ম আর না দেওয়াটা অনিয়ম। শেখ হাসিনাকে জামিনে মুক্তি দিলে সমস্যাটা কী সেটা বুঝতে পারছি না। তিনি তো আর কোথাও পালিয়ে যেতে পারবেন না।"
যুবলীগের পক্ষ থেকে জিল্লুর রহমানের গুলশানের বাসায়ই এ সাহায্য দেওয়ার অনুষ্ঠান হয়। এতে ৭ জন নিহতের স্বজন ও একজন আহতকে ৭ থেকে ১০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবলীগ নেতা মো. হেলালউদ্দীন এ সাহায্যের অর্থ দিয়েছেন।
২১ আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যনায়কদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও বিচার দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবে বলে আমাদের বিশ্বাস। তারা ইতিমধ্যে মুফতি হান্নানকে ধরেছে। কিন্তু মুফতি হান্নানের মতো একজন অর্ধশিক্ষিত মানুষ কী করে অতোগুলো গ্রেনেড পেল সেটাই চিন্তার বিষয়। তাছাড়া সবাই গ্রেনেড মারতে পারে না। এর জন্য উঁচুমাত্রার প্রশিক্ষণের প্রয়োজন হয়। "
জিল্লুর বলেন, পেছনে থেকে যারা কলকাঠি নেড়েছে সেই গডফাদারদের গ্রেপ্তার করতে পারলেই এ ঘটনার সবকিছু জানা যাবে। এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য এ সরকার তা বের করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাবেক জোট সরকারকে এ ঘটনা তদন্তে 'উদ্দেশ্যমূলকভাবে গাফিলতি' করার জন্য অভিযুক্ত করে জিল্লুর রহমান বলেন, "ওই ঘটনা তদন্তের জন্য বহু বিশেষজ্ঞ এসেছিল। কিন্তু তাদের তদন্তে সাহায্য করা হয়নি।"
বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত অনেকের পরিবারকে সাহায্য করা যাচ্ছে না উল্লেখ করে জিল্লুর রহমান শিগগিরই এ হিসাবটি চালু করার দাবি জানান।
যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান হিরণ, আতাউর রহমান প্রমুখ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১২১ঘ.
bdnews24