ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবশেষে সাইফুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদকে সংলাপে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকেলে কমিশনের সচিব হুমায়ুন কবির এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী আইনের সংস্কার নিয়ে আগামী ২২ নভেম্বর সংলাপে আসার জন্য বিএনপির প্রতিনিধি হিসেবে মেজর হাফিজকে চিঠি পাঠানো হয়েছে। বিশেষ বার্তা বাহকের মাধ্যমে সোমবারে বিকেলেই বিএনপির নয়া পল্টনের কার্যালয় ও রাজধানীর বনানীতে মেজর হাফিজের বাসায় চিঠিটি পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সংলাপে বসার আমন্ত্রণ চেয়ে খালেদা জিয়া মনোনিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার ও সাইফুর রহমান নেতৃত্বাধীন বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ ইসিকে আলাদাভাবে চিঠি দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগযুদ্ধ শুরু হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কেন খোন্দকার দেলোয়ারকে আমন্ত্রণ জানানো হবে না রোববার ইসির কাছে তার ব্যাখ্যা দাবি করে হাইকোর্ট।
এরপর নির্বাচন কমিশন রোববার বৈঠক করে বিএনপির অস্থায়ী মহাসচিব মেজর হাফিজকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার বিষয়টি সাংবাদিকদের জানানো হলো। এর মধ্য দিয়ে ইসির চিঠি পাওয়া নিয়ে বিএনপিতে দোলাচলের অবসান হলো।
কমিশন সচিব সোমবার সাংবাদিকদের বলেন, "বিএনপির গঠনতন্ত্র, দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিস্কারের আদেশ ও খোন্দকার দেলোয়ার হোসেনের দুটি চিঠি পরীক্ষা-নিরীক্ষা করে কমিশন সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।"
বিএনপির মহাসচিবের পদ থেকে বহিস্কারের ক্ষেত্রে আব্দুল মান্নান ভূঁইয়ার প্রতি সুবিচার করা হয়নি এবং বিএনপির স্থায়ী কমিটির ২৯ অক্টোবরের সভার সিদ্ধান্তকে 'যথার্থ' বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।
আদালতে গড়ানো একটি বিষয় নিয়ে সংলাপে বসার জন্য ইসি তাড়াহুড়ো করছে কী না জানতে চাইলে সচিব বলেন, "আমার পক্ষে কোনো প্রশ্নের জবাব দেওয়া কঠিন। আমি শুধু কমিশনের সিদ্ধান্তই আপনাদের জানাচ্ছি। তবে আমরা এখনো আদালতের কোনো কাগজ পাইনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএম/জেকে/জিএনএ/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24