২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন হুদা ও হাসান আরও দুদিনের রিমান্ডে

ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে আরও দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে আরও দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার র‌্যাব-১ এর তদন্ত দল অভিযুক্তদের আদালতে হাজির করে পৃথক দুটি মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানায়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. শওকত আলী চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর চার দিন এবং ১ নভেম্বর তিন দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৫ অক্টোবর গভীর রাতে র‌্যাব-১ এর একটি দল আমিন হুদা ও হাসানকে গ্রেপ্তার করে। র‌্যাব আমিন হুদার বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির মেশিন, বিদেশি মদ, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় ২৬ অক্টোবর গুলশান থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে পুলিশের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) বাবুল মিয়া বলেন, "আসামিদের রিমান্ডে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতেই কয়েকজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অনেককে আটকের প্রক্রিয়া চলছে। তাই আরও তথ্য উদঘাটনের জন্য অভিযুক্তদের আবার রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।" অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেন সৈয়দ আহমেদ গাজীসহ প্রায় ২০জন আইনজীবী। তারা রিমান্ডের বিরোধিতা করে আদালতকে বলেন, বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা চলছে। শুনানি শেষে হাকিম রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তদের সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। দুটি মামলায় একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তারা দুদিন রিমান্ডে থাকবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএসবি/এমএ/২০২০ ঘ.