২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজকে চিঠি দিয়ে ইসি বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে যুক্ত হল: রিজভী আহমেদ

নির্বাচন কমিশন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সংলাপের চিঠি দিয়ে বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সংলাপের চিঠি দিয়ে বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তিনি বলেন, "বিএনপি ও দেশের জনগণ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের নিন্দা জানায়।" মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পক্ষে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "কমিশনের এ সিদ্ধান্ত বেআইনি এবং অগণতান্ত্রিক। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করবো।" বারডেম হাসপাতালে অসুস্থ দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করার পর সেখানে তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেন রিজভী আহমেদ। তিনি বলেন, "বিএনপির বৈধ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আমরা নির্বাচন কমিশনের কাছে দলের গঠনতন্ত্র এবং চেয়ারপারসনের সিদ্ধান্তের কাগজপত্র দিয়েছি। অথচ তারা গঠনতন্ত্র পর্যালোচনা না করে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবৈধ।" রিজভী আহমেদ নির্বাচন কমিশনের (ইসি) এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলেন, "তাদের এই কার্যক্রম কোনোভাবেই সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।" ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান মেহেদী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী তথ্য সচিব মহিউদ্দিন খান মোহন ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচএস/এমএসবি/এমএ/১৯৪৩ ঘ.