২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব সুপারিশ নিয়ে রোববার ইসি-র সঙ্গে বসছে আওয়ামী লীগ

দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি আওয়ামী লীগ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। সংলাপে দলটি কমিশনের কাছে যুদ্ধাপরাধীর বিচার, ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিবন্ধন না করাসহ বিভিন্ন প্রস্তাব দেবে বলে দলীয় নেতারা জানিয়েছেন। রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশনের কার্যালয়ে আওয়ামী লীগ-ইসি সংলাপ হবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি আওয়ামী লীগ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। সংলাপে দলটি কমিশনের কাছে যুদ্ধাপরাধীর বিচার, ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিবন্ধন না করাসহ বিভিন্ন প্রস্তাব দেবে বলে দলীয় নেতারা জানিয়েছেন। রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশনের কার্যালয়ে আওয়ামী লীগ-ইসি সংলাপ হবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবেন। ইতিমধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত একটি কমিটি কমিশনে উপস্থাপনের জন্য লিখিত সুপারিশ তৈরি করেছে। তোফায়েল আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধনে আপত্তি জানাবে কমিশনের কাছে। আমাদের আলোচনার মূল ভিত্তি হবে ১৪ দল ঘোষিত নির্বাচনী সংস্কারের ৩১ দফা রূপরেখা। এর আলোকে কমিশনের খসড়া প্রস্তাবের সঙ্গে আমাদের রূপরেখার সমন্বয় ঘটানোর চেষ্টা করব। '' প্রসঙ্গত, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল ইতিমধ্যেই কমিশনের সঙ্গে সংলাপে যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিবন্ধন না করার দাবি জানিয়েছে। আওয়ামী লীগের সুপারিশে নির্বাচনের সময় ইমাম, যাজক ও পূজারী কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে রাজনৈতিক প্রচারণামূলক বক্তব্যদান থেকে বিরত রাখতে দন্ড প্রদানের বিধান, সরকারি কর্মকর্তাদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত রাখা, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ বাতিলের পরিবর্তে সংশোধন, নির্বাচন কমিশনের জন্য পৃথক সচিবালয়, কমিশনের আর্থিক স্বাধীনতা ও শাস্তি প্রদানের ক্ষমতা প্রদান, রাজনৈতিক আচরণবিধি প্রণয়ন, বিল ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, স্বচ্ছ ভোটার বাক্স ব্যবহার, প্রার্থী মনোনয়ন পদ্ধতিতে স্বচ্ছতা প্রতিষ্ঠা, প্রার্থীর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা এবং নির্বাচনী ব্যয় কমানোর মতো বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে ভিন্ন একটি সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, কমিশন নিবন্ধন বাতিলের জন্য সংশ্লিষ্ট সংসদের স্থায়ী কমিটি বা কমিশনের কাছে সুপারিশ করতে পারবে এবং তাদের সিদ্ধান্ত অবশ্যই সুপ্রিম কোর্টে আপিলযোগ্য হবে। আইনের বরখেলাপ হলে কমিশন জরিমানা করতে পারবে, কোনও নির্বাহী কমিটিকে সাময়িক অকার্যকর ঘোষণা করতে পারবে এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ করতে পারবে। বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম/জিএমএ/এসএম/এসকে/২১৩০ঘ.