২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী, মুজাহিদের যুদ্ধাপরাধের সাক্ষ্য দিতে প্রস্তুত মিছবাহুর

ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, জামায়াত ইসলামীতে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও কাদের মোল্লাসহ ৪০ থেকে ৫০ জন যুদ্ধাপরাধী রয়েছেন। সাবেক সহকর্মী হিসেবে এদের যুদ্ধাপরাধের বিষয়ে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর মগবাজারে ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, জামায়াত ইসলামীতে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও কাদের মোল্লাসহ ৪০ থেকে ৫০ জন যুদ্ধাপরাধী রয়েছেন। সাবেক সহকর্মী হিসেবে এদের যুদ্ধাপরাধের বিষয়ে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর মগবাজারে ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান এসব কথা বলেন। সাংবাদিকদের তিনি জানান, একাত্তর সালে ইসলামী ছাত্র সংঘের কর্মী হিসেবে তিনি নিজামী, মুজাহিদ ও কাদের মোল্লাসহ বর্তমান জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, "ওই তিনজন ছাড়াও জামায়াতের বর্তমান নেতাদের মধ্যে ৪০ থেকে ৫০ জন যুদ্ধাপরাধী আছেন যারা একাত্তর সালে ইসলামী ছাত্র সংঘ থেকে বদর বাহিনীতে যোগ দেয়। ওই বাহিনীতে যোগ দিয়ে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করে।" মিছবাহুর আরো বলেন, "জামায়াত থেকে স্বাধীনতা বিরোধীদের বাদ দেওয়া না হলে দলটির রাজনীতি নিষিদ্ধ করা উচিত।" মুক্তিযুদ্ধের সময় নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমি তখন ইসলামী ছাত্র সংঘে ছিলাম। তারা (নিজামী, মুজাহিদ ও কাদের মোল্লা) যখন বদর বাহিনীতে যোগ দেয় তখন আমি ইংল্যান্ডে চলে যাই। তারা যে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তা আমি জানি এবং এ বিষয়ে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত আছি।" একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে এবং এখন দেশের তরুণদের যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে বিপথগামী করেছে মিছবাহুর তাদের বিচার দাবি করেন। তবে বামপন্থী রাজনৈতিক দলগুলো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি তুলেছে তার বিরোধিতা করে তিনি বলেন, "এটা অংসাবিধানিক ও বেআইনী।" সংবাদ সম্মেলনে দলের পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, "জামায়াতের বর্তমান নেতারা একাত্তরে বদর বাহিনী গঠন করে শুধু দখলদার পাকিস্তান বাহিনীকে সহযোগিতাই করেনি, হত্যাসহ বিভিন্ন যুদ্ধাপরাধ করেছে। তারা মুক্তিযুদ্ধকে 'গৃহযুদ্ধ' আখ্যা দিয়ে এবং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অশালীন মন্তব্য করার ধৃষ্টতা দেখিয়েছে। জাতির আবেগ অনুভূতিতে আঘাত করে তারা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে কি না তাও খতিয়ে দেখতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএ/১৭৪৭ঘ.