ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপিতে খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই বলে দাবি করেছেন দলের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "আমরা সবাই খালেদাপন্থী। তাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়ার প্রশ্নই অবান্তর। কাউন্সিলে এমন প্রস্তাব এলে আমি নিজেই এর বিরুদ্ধে ভোট দেব। তিনি আমাদের নেত্রী আছেন, থাকবেন।"
মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "গণতান্ত্রিক নিয়মে যে কেউ প্রস্তাব দিতেই পারে। কোনো ব্যক্তিকে টার্গেট করে ওই প্রস্তাব দেওয়া হয়নি। প্রস্তাবগুলোর কোনটাই চূড়ান্ত নয়। এ নিয়ে দলে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।"
দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানান হাফিজ উদ্দিন আহমেদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "চেয়াপারসনের অনুপস্থিতিতে স্থায়ী কমিটি দল পরিচালনা করছেন। বর্তমান নেতৃত্বের প্রতি দলের নেতাকর্মীরা আস্থাশীল। এ নিয়ে কোনো বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না।"
শুক্রবার তার বিরুদ্ধে হান্নান শাহের তোলা অভিযোগের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "তিনি (হান্নান শাহ) আমার দলের নেতা। সেনাবাহিনীতে আমার সিনিয়র। তাকে আমি শ্রদ্ধা করি। আমার ও তার বক্তব্য নিয়ে গণমাধ্যমের সংবাদে বিভ্রান্তি তৈরি হয়েছে। জনগণ দেখছে রাজনীতিবিদরা একে অপরকে কীভাবে উপহাস করেন। ৩২ বছরের পুরনো ঘটনাকে হঠাৎ টেনে আনার অর্থ হয় না। এ বিষয়ে আমি একবার বলেছি। আর কোনো কথা ভবিষ্যতে বলব না।"
হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহ জিয়া হত্যার পর জেনারেল মঞ্জুরের 'প্রতিনিধি' হিসেবে কাজ করেছেন। এর জবাবে হান্নান শাহ একই দিন দুপুরে অভিযোগ করেন, মেজর হাফিজ পঁচাত্তরের নভেম্বরের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসএনডি/এমএ/১৭৪৫ ঘ.
bdnews24