ঢাকা, নভেম্বর ০২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তকে অনুমোদন দেননি কারা অন্তরীণ চেয়ারপার্সন খালেদা জিয়া।
দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শুক্রবার সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন,'' ম্যাডামের পরিবারের সদস্যদের বরাতে আমরা জেনেছি, তিনি খোন্দকার দেলোয়ারকেই বৈধ মহাসচিব বলেছেন। মধ্যরাতের ক্যুতে যিনি অস্থায়ী মহাসচিব দাবি করছেন তিনি অবৈধ। ''
শ্যামলীর আদাবরের বাসায় তিনি সাংবাদিকদের বলেন,''বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে এই মধ্যরাতে ক্যু করে খালেদা জিয়ার মনোনীত মহাসচিবকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। কিন্তু বিএনপি নেত্রী তাতে সায় দেননি।"
তিনি নিজে 'সরকারের হয়রানির' স্বীকার হচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব হোসেন, সাবেক ছাত্র নেতা হাবিব উন নবী খান সোহেল ও মহিউদ্দিন খান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৫০ঘ.
bdnews24