ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে করা মামলায় বিএনপিদলীয় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ পরোয়ানা জারি এবং আগামী ৪ নভেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
কামরাঙ্গীচর থানায় দায়ের করা এ মামলায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিউল আলম ২৫ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, ২ এপ্রিল র্যাব-১০ এর সদস্যরা কামরাঙ্গীচরের আশরাফাবাদ এলাকার রুপা মোল্লার ঘরের চাল থেকে ১৫ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করে। বাড়ির লোকজন র্যাবকে জানায় ওই টিন নাসিরউদ্দিন পিন্টু তাদের অনুদান হিসাবে দিয়েছেন। বরাদ্দ সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক শেখ আবদুল মোতালেব বাদি হয়ে ওই দিনই পিন্টুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
নাসিরউদ্দিন পিন্টু বর্তমানে কারাগরে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআরএফ/এমএসবি/এমএইচবি/২০২৩ ঘ.
bdnews24