ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আইন সংস্কার নিয়ে সংলাপের জন্য নিয়ম অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মহাসচিবকে চিঠি দেবে নির্বাচন কমিশন। কমিশন বলেছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী যে ব্যক্তি দলটির মহাসচিবের পদে থাকবেন তার কাছেই চিঠি পাঠানো হবে।
সোমবার বিকালে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "যে ব্যক্তি বিএনপির মহাসচিব পদে থাকবেন তার কাছেই চিঠি পাঠানো হবে।"
সংলাপের জন্য বিএনপিকে কবে চিঠি দেওয়া হবে, তা জানতে চাইলে তিনি বলেন, "প্রতিটি দলকেই আমরা মতবিনিময়ের জন্য নির্ধারিত তারিখের ১৫ দিন আগে চিঠি দিয়েছি। বিএনপির ক্ষেত্রেও তাই করা হবে। অর্থাৎ ৭ নভেম্বরের মধ্যেই তাদের চিঠি পাঠিয়ে দেওয়া হবে।"
বিএনপির কোন অংশকে চিঠি দেওয়া হবে এ প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, "আমরা বিএনপিকে চিঠি দেব। গঠনতন্ত্র অনুযায়ী তখন যে ব্যক্তি মহাসচিবের দায়িত্ব পালন করবেন তার কাছেই চিঠি পাঠানো হবে।"
তিনি আরো বলেন, "বিএনপির ভাঙা - গড়ার সঙ্গে কমিশনের কোনো সম্পর্ক নেই। তবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি বলবো সব দলের মধ্যেই যেনো ঐক্য বজায় থাকে। এতে আমাদেরও কাজ করতে সুবিধা হবে।"
নির্বাচনী আইন সংস্কারের লক্ষ্যে ২৮ আগস্ট নির্বাচন কমিশন ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময়সূচি ঘোষণা করে। এ সময়সূচি অনুযায়ী আগামী ২২ নভেম্বর কমিশন বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা।
৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে আব্দুল মান্নান ভূঁইয়াকে দলের মহাসচিবের পদ থেকে বহিষ্কার এবং খন্দকার দেলোয়ার হোসেনকে নতুন মহাসচিব করেন।
মান্নান ভূঁইয়া এ বহিষ্কারের বিরোধিতা করে নিজেকে দলের মূলধারার প্রতিনিধি দাবি করলে কমিশন কোন অংশের সঙ্গে সংলাপে বসবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
বিএনপির সঙ্গে সব ধরনের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ৫ ও ২৪ সেপ্টেম্বর দুদফায় চিঠি দেওয়া হয়।
অন্যদিকে মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশটি ৯ সেপ্টেম্বর সিইসিকে দেওয়া এক চিঠিতে অনুরূপ অনুরোধ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএসবি/এমএ/১৮৫২ ঘ.
bdnews24