২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ারা দলে ফেরার প্রস্তাব দিয়েছেন: দেলোয়ার

বিএনপির বহিষ্কৃত মহাসচিব মান্নান ভূঁইয়াসহ তার সঙ্গীরা দলে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "ওদিকের সবাই দলে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন। তবে দলে ফিরতে চাইলে গঠনতান্ত্রিক পথ ধরেই আসতে হবে। অতীতেও এমন অনেককে দলে ফিরিয়ে আনা হয়েছে। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে সবাইকেই দলে নিতে পারেন।" শনিবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। দলে ফিরে আসতে 'সংস্কারপন্থীরা' প্রস্তাব দিয়েছেন বলে জানালেও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির বহিষ্কৃত মহাসচিব মান্নান ভূঁইয়াসহ তার সঙ্গীরা দলে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "ওদিকের সবাই দলে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন। তবে দলে ফিরতে চাইলে গঠনতান্ত্রিক পথ ধরেই আসতে হবে। অতীতেও এমন অনেককে দলে ফিরিয়ে আনা হয়েছে। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে সবাইকেই দলে নিতে পারেন।" শনিবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। দলে ফিরে আসতে 'সংস্কারপন্থীরা' প্রস্তাব দিয়েছেন বলে জানালেও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের পরপরই খালেদা জিয়া দলের মহাসচিব মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিষ্কার করেন। একই সময় খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব পদে নিয়োগ দেয়া হয়। বিএনপি ঐক্যবদ্ধ আছে দাবি করে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আজ যারা ঐক্যের কথা বলছেন, তারা আসলে দলে ফেরার পথ খুঁজছেন। মান্নান ভূঁইয়া ১১ বছর দলের মহাসচিব ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি তো জানেন অতীতে বহিষ্কৃতরা কিভাবে ফিরে এসেছেন। সে কাজটা করলেই তো পারেন।" বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভয়-ভীতি দেখিয়ে সংস্কারপন্থী শিবিরে অনেককে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, "এখন আস্তে আস্তে সেখানে ভিড় কমতে শুরু করেছে। সামনে দেখবেন কেউ তাদের সঙ্গে থাকবে না।" ১৯৭১ এ যুদ্ধাপরাধ সম্পর্কে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, "মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছেন, তাদের নাম তো দেশের মানুষ জানে। রাজকার, আল বদর ও আল শামসের নাম কে না জানে। তবে কোন পরিপ্রেক্ষিতে এটা উনি (মুজাহিদ) বলেছেন, তা দেখতে হবে। যুদ্ধাপরাধী ছিল বলেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করেছিলেন।" আগামী নির্বাচনেও জামায়াতের সঙ্গে ঐক্য হবে কিনা- এ প্রশ্নে খোন্দকার দেলোয়ার বলেন, "নির্বাচন এলে এ বিষয়ে হিসাব-নিকাশ হবে।" শুক্রবার সিলেটে যেতে বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন খোন্দকার দেলোয়ার। তিনি বলেন, "এটা ছিল আমার একান্ত ব্যক্তিগত সফর। হয়রত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম। এভাবে যেতে না দেয়া আমার স্বাভাবিক চলাচলের ওপর হস্তক্ষেপের শামিল।" দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, "মান্নান ভূঁইয়া কাউন্সিল দ্বারা নির্বাচিত মহাসচিব নয়। যে ধারায় তিনি মহাসচিব পদ পেয়েছেন, সে ধারায়ই তাকে বাদ দেওয়া হয়েছে। এখন ভুল স্বীকার করে দলে ফিরতে চাইলে সে পথ তাকেই খুঁজে নিতে হবে।" বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে নেতা-কর্মীরা শুক্রবার খোন্দকার দেলোয়ারকে ফুল দিয়ে অভিনন্দন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫১ ঘ.