ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্বৈত বা ভুয়া ভোটার তালিকাভুক্তির সুযোগ না থাকায় ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের ভোটার তালিকার তুলনায় এবার ছবিসহ ডিজিটাল ভোটার তালিকায় আনুমানিক এক কোটি ভোটার সংখ্যা কমবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "২০০৬ সালের ভোটার তালিকার তুলনায় এবার ভোটারের সংখ্যা আনুমানিক এক কোটি কম হবে। এনডিআই (মার্কিন গবেষণা সংস্থা- ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট) আগের ভোটার তালিকায় এক কোটি ২২ লাখ দ্বৈত ভোটার আছে বলেছিল। আমাদের অনুমান এবার তা থাকবে না।"
ছবিসহ ভোটার তালিকা তৈরির চলমান প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় প্রতিটি জায়গাতেই ভোটার সংখ্যা কমার প্রবণতা দেখা গেছে বলে জানান নির্বাচন কমিশনার। তবে নির্ভুল তালিকা করার সব চেষ্টার পরও এবার এক দশমিক পাঁচ শতাংশ ভুল- ত্র"টি থাকতে পারে বলে তিনি স্বীকার করেন।
গত ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের আগে করা ভোটার তালিকায় মোট ভোটার ছিলো নয় কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
কর্মজীবীদের অনেকেই নিজ কর্মস্থলের বদলে স্থায়ী ঠিকানায় ভোটার হতে চাইছে- জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "এ কারণেও অনেক এলাকায় ভোটারের সংখ্যা কমছে। বাদ পড়া ভোটাররা নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত তালিকাভুক্ত হতে পারবেন।"
কমিশনার জানান, আগামী ৪ নভেম্বর থেকে দেশের ৭৬টি অঞ্চলে প্রথমে ভোটার নিবন্ধন ও পরে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়ার কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবারই ঢাকার কামরাঙ্গীরচর, দনিয়া ও উত্তরখান ইউনিয়নের তালিকা তৈরির কাজ শুরু হবে। কামরাঙ্গীরচরে এই কাজ উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনী আইন সংস্কার নিয়ে আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে কমিশন রাজনৈতিক সংলাপে বসছে। গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে, ১০ সদস্যের বদলে আওয়ামী লীগ ১৫ সদস্যর প্রতিনিধি দল নিয়ে সংলাপে বসতে আগ্রহী। এ বিষয়ে কমিশনকে তারা চিঠি দিলে অবশ্যই তা বিবেচনা করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৮২৪ ঘ.
bdnews24