ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের সভাপতি ড. সারজেন কেরিম।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রশংসা করেন বলে শুক্রবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।
সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ায় ড. কেরিমকে অভিনন্দন জানিয়ে জেনারেল মইন আশা প্রকাশ করেন, তার (ড. কেরিম) নেতৃত্বে সাধারণ পরিষদের কার্যক্রম এ বছর আরো বেগবান হবে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রায় ১০ হাজার বাংলাদেশী সেনার নিয়োজিত থাকার কথা উল্লেখ করে বৈঠকে সেনাপ্রধান শান্তিরক্ষা বিভাগের সদর দপ্তর ও মাঠ পর্যায়ে নীতি-নির্ধারণী কার্যক্রমে বাংলাদেশের আরো প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জেনারেল মইন বাংলাদেশ সফরের জন্য ড. কেরিমকে আমন্ত্রণ জানালে তিনি সে আমন্ত্রণ গ্রহণ করে আগামী বছরের কোনো এক সময় সফরে আসার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
তথ্য বিবরণীতে জানানো হয়, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকের সময় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেফার রসূলসহ জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআই/এমএ/১৯৪০ ঘ.
bdnews24