ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে। সংস্কার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি প্রস্তাবনা দেবে তারা। এই প্রস্তাবনার খসড়া তৈরি করার জন্য জামায়াত একটি কমিটিও গঠন করেছে।
শুক্রবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের মজলিসে শূরার এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়াবলী ছাড়াও বৈঠকে জামায়াতের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আগামী ২৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ পেয়েছে জামায়াত।
বৈঠক শেষে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জামায়াত নির্বাচন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে আলোচনায় বসবে। আমরা দেশে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচন কমিশন বিষয়ে সংস্কার প্রস্তাব দেব। প্রস্তাব তৈরির জন্য দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের নেতৃত্বে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।''
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, জামায়াত কমিশনের সঙ্গে আলোচনায় বসার আগে শরিক চার দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কিনা- এ বিষয়েও আলোচনা হয়। তবে সিদ্ধান্ত হয়েছে যেহেতু একক দল হিসেবে কমিশন আমন্ত্রণ জানিয়েছে, সেক্ষেত্রে এখনই শরিকদের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই।
জামায়াতরে আমীর মাওলানা মতউির রহমান নজিামীর সভাপতিত্বে এই বৈঠক মজলিসে শূরার অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমএ/১৭৪৮ ঘ.
bdnews24