ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে বিএনপির কোন অংশটিকে ডাকা হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
যুগান্তর, সমকাল, আমার দেশ ও ডেইলি স্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে উদ্ধৃত করে প্রকাশিত এ সম্পর্কিত সংবাদ নাকচ করে দিয়ে শুক্রবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক বিপ্লব রহমানকে টেলিফোনে বলেন, "আমি তাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলিনি।"
সিইসি বলেন, "বিএনপির কোন অংশকে সংলাপে ডাকা হবে, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলটির গঠনতন্ত্র দেখে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো।''
পত্রিকা চারটির খবরে সিইসিকে উদ্ধৃত করে বলা হয়, নির্বাচন কমিশন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমর্থিত খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশটির সঙ্গেই সংলাপে বসছে।
২৮ আগস্ট কমিশন ১৫টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। সময়সূচি অনুযায়ী আগামী ২২ নভেম্বর কমিশন বিএনপির সঙ্গে সংলাপে বসছে।
২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে আব্দুল মান্নান ভূঁইয়াকে দলের মহাসচিবের পদ থেকে বহিস্কার করে খন্দকার দেলোয়ার হোসেনকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন। মান্নান ভূঁইয়া এ বহিস্কারের বিরোধীতা করে নিজেকে দলের মূলধারার প্রতিনিধি দাবি করলে কমিশন কোন অংশের সঙ্গে সংলাপে বসবে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
৫ ও ২৪ সেপ্টেম্বর খন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন অংশটি দুদফায় সিইসিকে চিঠি দিয়ে তাদের সঙ্গেই সব ধরনের যোগাযোগ করার অনুরোধ জানায়। অন্যদিকে মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশটি ৯ সেপ্টেম্বর সিইসিকে দেওয়া আরেকটি চিঠিতে অনুরূপ অনুরোধ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/জিএনএ/এমএইচবি/১৩০০ ঘ.
bdnews24