২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমি দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি হুদার

ক্ষমতার অপব্যবহার করে নামমাত্র দামে নিজের স্ত্রীর সংগঠনকে রেলওয়ের জমি বরাদ্দ দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের কাছে আত্মপক্ষ সমর্থন করে দেওয়া লিখিত জবানবন্দিতে তিনি এ দাবি করেন। মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে হুদা বলেন, "দীর্ঘদিন ধরে পড়ে থাকা রেলের জমি বরাদ্দ দিয়ে আমি কোনো অপরাধ করিনি। বরং বিষয়টি রেলওয়ের জন্য লাভজনক ছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্ষমতার অপব্যবহার করে নামমাত্র দামে নিজের স্ত্রীর সংগঠনকে রেলওয়ের জমি বরাদ্দ দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের কাছে আত্মপক্ষ সমর্থন করে দেওয়া লিখিত জবানবন্দিতে তিনি এ দাবি করেন। মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে হুদা বলেন, "দীর্ঘদিন ধরে পড়ে থাকা রেলের জমি বরাদ্দ দিয়ে আমি কোনো অপরাধ করিনি। বরং বিষয়টি রেলওয়ের জন্য লাভজনক ছিল।" ব্যারিস্টার হুদা দাবি করেন, "খালেদা জিয়ার একজন ঘনিষ্ট সহকর্মী হওয়ার কারণে রাজনৈতিকভাবে আমাকে নিষ্ক্রিয় করতেই এই মামলা করা হয়েছে।" তিনি প্রশ্ন তোলেন, "আমার রাজনৈতিক ভবিষ্যত কি মাননীয় প্রধান উপদেষ্টা বা আমার প্রতিপক্ষের খেয়াল খুশির ওপর নির্ভর করবে? নাকি জনগণের ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছায় তা নির্ধারিত হবে?" দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফিকুল ইসলাম গত ২১ মার্চ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, যোগাযোগমন্ত্রী থাকার সময় নাজমুল হুদা ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের সাড়ে ১৪ কাঠা জমি তার স্ত্রী সিগামা হুদার সংগঠন 'মানবাধিকার বাস্তবায়ন সংস্থা'র নামে পাঁচ হাজার ১ টাকায় বরাদ্দ দেন। এতে সরকারের প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। গত ২৩ জুলাই এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ১২ আগস্ট বিশেষ জজ আদালতে নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২০ আগস্ট থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়। এতে রাষ্ট্রপক্ষে ২৭ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষ হয় ১২ সেপ্টেম্বর। ঘুষ নেওয়ার দায়ে গত ২৭ আগস্ট ঢাকার একটি আদালত নাজমুল হুদাকে ৭ বছর ও তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৭০৫ ঘ.