২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পর দলগুলো চাইলে ঐকমত্যের সরকার হতে পারে: আব্দুল মান্নান

বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আব্দুল মান্নান ভূঁইয়া 'ঐকমত্যের সরকার' গঠনের প্রস্তাব সম্পর্কে তার আগের অবস্থান কিছুটা পরিবর্তন করে বলেছেন, নির্বাচনের পর সব দলের সম্মতি পেলে ঐক্যমত্যের সরকার গঠন করা যেতে পারে। সোমবার রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বি চৌধুরী আগামী ১০ বছরের জন্য দেশে একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্যের ওপর জোর দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 08:00 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আব্দুল মান্নান ভূঁইয়া 'ঐকমত্যের সরকার' গঠনের প্রস্তাব সম্পর্কে তার আগের অবস্থান কিছুটা পরিবর্তন করে বলেছেন, নির্বাচনের পর সব দলের সম্মতি পেলে ঐক্যমত্যের সরকার গঠন করা যেতে পারে। সোমবার রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বি চৌধুরী আগামী ১০ বছরের জন্য দেশে একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্যের ওপর জোর দেন তিনি। এর পরদিন আব্দুল মান্নান ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "বদরুদ্দোজা চৌধুরী সাহেব ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার যে প্রস্তাব করেছেন, তা আমি সমর্থন করি। তবে এর আগে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এটা করা গেলে পরের ধাপ হচ্ছে, আগামী নির্বাচনের পর ঐকমত্যের সরকার গঠন করা।'' একই বিষয়ে শুক্রবার দুপুরে গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের মান্নান ভূইয়া বলেন, "আমি আগেও বলেছি, এখনো বলছি, বিভিন্ন জাতীয় ইস্যুতে ঐকমত্য চেয়েছি। নির্বাচনের পর সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেই ঐকমত্যের সরকার হতে পারে। নইলে ওই রকম সরকার হবে কীভাবে?" এই ধরনের সরকার গঠনের প্রস্তাব ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "জাতীয় ইস্যুতে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়া প্রয়োজন। বিরোধী দলের আসনে বসলে অবিরাম সংসদ বর্জন করব, হরতাল ডাকব- এসব বন্ধ করতে হবে।" এক প্রশ্নের জবাবে সংস্কারপন্থী এ নেতা জানান, বিএনপির অনেক সহকর্মী ও বন্ধু-বান্ধব এবার কারাগারে থাকায় স্বাভাবিক ভাবেই ঈদের দিন তার মন খারাপ থাকবে। বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করবেন কিনা- জানতে চাইলে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া বলেন, "আমি রাজনৈতিক বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। আমি মামলাবাজ নই। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তাকে মামলা না করতে বলব।" ঈদ উপলক্ষে তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদেরকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি কামনা করেন। গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তারের আগে মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএনডি/জিএনএ/১৩৫০ ঘ.