ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার আলোচিত প্রস্তাবটি 'ঘোড়ার আগে গাড়ি যাওয়ার মত' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
তিনি বলেন, "বি. চৌধুরী যে ঐকমত্যের সরকারের কথা বলছেন তা এই মুহুর্তে অগ্রিম চিন্ত।"
বৃহস্পতিবার দলের সভাপতিমণ্ডলীর সভাশেষে জিল্লুর রহমান বলেন, "একটা জিনিস এখন দেশে খুব আলোচিত হচ্ছে। সেটা ঐকমত্যের সরকার। বি. চৌধুরী সাহেব কিন্তু ঐকমত্যের সরকারের কথা বলেছেন। কিন্তু সরকার করতে গেলেতো সংসদ সদস্য লাগবে। তার মানে নির্বাচন লাগবে। নির্বাচন হওয়ার পর যারা পাস করবে তার ভিত্তিতেই বোঝা যাবে সরকার ঐকমত্যের হবে না কি একক সংখ্যাগরিষ্ঠ হবে।
তিনি বলেন, "এটা এই মুহূর্তে অনেক অগ্রিম হয়ে গেছে। ঘোড়ার আগে গাড়ি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। নির্বাচন হউক। এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে তা নিরর্থক আলোচনা। ধরা গেল আমরা ঐকমত্যের সরকার করলাম। নির্বাচন হওয়ার পর দেখা গেল একদল অনেক বেশি ভোটের ব্যাবধানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। তখন তারা ঐকমত্যে যাবে কি না সেটাও চিন্তা করতে হবে। এ নিয়ে আওয়ামী লীগের স্ট্যান্ড হলো আগে নির্বাচন হউক তখনকার অবস্থা বিবেচনা করে ঐকমত্যের সরকার গঠন করা যাবে। একটি ঐকমত্যের সরকার হতে হলে আগে নির্বাচিত সংসদ সদস্য লাগবে। একারণে আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এরপর বিবেচনা করা যাবে ঐকমত্যের সরকার হবে কি না।"
বি. চৌধুরীর প্রস্তাবের ব্যাপারে তার নতুন বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেদিন আমি বি চৌধুরী সাহেবের পাশে বসেছিলাম। সাংবাদিকরা আমাকে তার (বি. চৌধুরীর) বক্তব্যের ওপর মন্তব্য করতে বললে আমি ওই কথা বলেছিলাম। তবে আমি সেখানে বলেছিলাম 'ঐক্য ভাল'। কিন্তু বি চৌধুরী সাহেব বলেছেন 'ঐকমত্যের সরকার'র কথা। 'ঐক্য' আর 'ঐকমত্যের সরকার' তো আর এক নয়। সরকার করতে হলে সংসদ লাগবে, নির্বাচন লাগবে। এখানে আমাদের অবস্থানের কোনও হেরফের হয়নি। আমরা যে অবস্থানে ছিলাম সেখানেই আছি। ইলেকশনের আগে ঐকমত্যের সরকার কীভাবে হয়। ইলেকশনের আগে যুক্তফ্রন্ট হতে পারে; যুক্ত সরকারের কথাতো আগে বলতে পারি না।"
শেখ হাসিনা কারাগারে থাকায় দুঃখ করে জিল্লুর রহমান বলেন, "এবারই প্রথম আমাদের নেত্রী শেখ হাসিনাকে ছাড়া ঈদ করতে হচ্ছে। আমরা তাকে ছাড়া এর আগে ঈদ পালন করিনি। ঈদ মানে আনন্দ হলেও তা এবার আমাদের জন্য আনন্দ বয়ে আনছে না।"
বিনা কারণে তাকে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন জিল্লুর।
তিনি অবিলম্বে শেখ হাসিনাসহ দলের আটক অন্য নেতাদের জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। ভারপ্রাপ্ত সভাপতি একইসঙ্গে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটককৃত শিক্ষক ও ছাত্রদের মুক্তির দাবি করেন।
জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল খুবই অসুস্থ। তবু তাকে হাসপাতালে না নিয়ে কারাগারে রাখা হচ্ছে। কোনও মামলা ছাড়াই তাকে বারবার ডিটেনশন দেওয়া হচ্ছে।" তত্ত্বাবধায়ক সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, "আব্দুল জলিলের মতো লোক দেশের কী ক্ষতি করতে পারে?"
দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মো. নাসিম দম্পতির কারাদণ্ডের ব্যাপারে জিল্লুর রহমান বলেন, দেশের জন্য তার পরিবারের অনেক অবদান রয়েছে। আইনি লড়াইয়ে মো.নাসিম মুক্তি পাবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
আগামী ২২ অক্টোবর দলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানান জিল্লুর রহমান। তিনি জানান, এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনে তারা আলোচনার জন্য যাবেন কিনা। আলোচনার জন্য নির্বাচন কমিশনের চিঠি এখনো পাননি বলে জানান জিল্লুর।
ঈদের দিন শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা এ প্রশ্ন করা হলে জিল্লুর রহমান বলেন, "আমি তার সঙ্গে দেখা করার জন্য দুইবার আবেদন করেছি। একবার আইনজীবী হিসেবে একবার আত্মীয় হিসেবে। কিন্তু ১৫ দিন হয়ে গেল কোন সাড়া পাইনি।"
জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এসকে/এমএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24