অক্টোবর, ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রধান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী আগামী ১০ বছরের জন্য দেশে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।
সোমবার রাজধানীতে এক ইফতার পার্টিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, "আগামী নির্বাচনের পর আবার যেন দেশ হিংসা, হানাহানি, হরতাল,বিক্ষোভ,ভাংচুর, উৎপাদন বন্ধের বিপর্যয়ে না পড়ে সেজন্য অন্ততঃ আগামী ১০ বছরের জন্য (দুইটি সরকারের মেয়াদ) জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকারে আবদ্ধ হোক রাজনৈতিক দলগুলো।''
সোমবার সন্ধ্যায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে বি চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক দল ও উন্নয়ন সহযোগী দাতা দেশগুলোর উদ্দেশে এই প্রস্তাব রেখেছেন বলে উল্লেখ করেন। আগামী দিনে দেশের 'অগ্রগতির রোডম্যাপ' তৈরির জন্য রাজনীতিবিদদের প্রতি ৯ দফা পরামর্শও উপস্থাপন করেন এই বর্ষীয়ান রাজনীতিক। (আরো তথ্যসহ)
নিজেকে 'দেশের একজন প্রবীণ নাগরিক' অভিহিত করে অধ্যাপক চৌধুরী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের নিয়মিত সংলাপ অনুষ্ঠান ও জেলায় জেলায় সাংগঠনিক কার্যক্রম চালু, রাজনীতিবিদদের সীমিত আকারে জনসংযোগ ও পর্যায়ক্রমে জনসভার ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, সরকারের উচিৎ রাজনীতিকে শান্তিপূর্ণ পরিবেশে লালন ও পৃষ্ঠপোষণ এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে সহযোগিতা করা।
আগামী দুইটি ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা তার স^প্ন এ কথা উল্লেখ করে বি চৌধুরী বলেন,'' জীবন সায়ােহ্ন একটি শান্তি সুখের বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে ভেবে আমরা আনন্দে চোখ মুদতে পারব।''
সুরা ফাতেহার বাংলা অনুবাদ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার পক্তি ' যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি'-র উদ্ধৃতিও ছিল বি চৌধুরীর লিখিত ভাষণে।
বর্তমান সরকারের ১০ মাসের কার্যক্রমকে 'সাহসী কার্যকরী পদক্ষেপ' আখ্যায়িত করে তিনি বলেন,''২০০৮ সালের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। একে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মূল দায়িত্বে এ সরকার কাজ করছে।''
একই সঙ্গে বিগত সময়ে সন্ত্রাস, দুর্নীতি, পেশীশক্তি, হিংসা ও পরস্পরের প্রতি অশ্রদ্ধার মাধ্যমে রাজনীতির ইতিহাস নগ্নভাবে কলুষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বি চৌধুরীর ৯ দফা পরামর্শ হচ্ছে: ১.হিংসা, প্রতিহিংসা, ঘৃণা, মিথ্যা ও গুপ্ত হত্যার রাজনীতি পরিহার, রাজনৈতিক মিছিল-সভা-বাড়ি-ঘরে আক্রমণ বন্ধ, ২. পুরনো ও বর্তমান রাজনীতিকদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি না ছড়ানো, সকলকে শ্রদ্ধা করা, ৩. বিভেদের রাজনীতি পরিহার, ৪ জনগণ ও দেশ শাসনের দায়িত্ববোধ গড়ে তোলা , সর্বত্র জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, ৫. দেশে স্থায়ীভাবে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা, ৬. দলের ভেতরে দেশপ্রেমিক, মেধাবী ও গণতন্ত্রমনা নেতৃত্ব প্রতিষ্ঠা করা,৭. সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিকে ভিত্তি করে আগামী রাজনীতিকে এগিয়ে নেওয়া, ৮. প্রশাসন-রাজনীতি-ব্যবসা অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা, ৯. জনগণের ভোট দানের অধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক ও রাজনীতির চাপমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা।
বি চৌধুরী তার দেওয়া পরামর্শগুলো সম্পর্কে বলেন, রাজনৈতিক উদারতা দেখিয়ে অতীতের ব্যর্থতাকে স্বীকার করে ভবিষ্যতে দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করলেই এগুলোর বাস্তবায়ন সম্ভব।
রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধেয় ও ত্যাগী নেতাসহ দেশপ্রেমিক তরুন নেতৃত্বের সমন্বয় হলে এই কাজ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মাইনুদ্দিন খান বাদল,শিরিন আখতার,গণ ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা মহসিন মন্টু, কমান্ডার আবদুর রউফ, সাবেক হুইপ আবদুর রউফ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জাতীয় পার্টি(মঞ্জু) ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সাদেক সিদ্দিকী, এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম, রোকেয়া কে আফজাল, সাংবাদিক গোলাম সারওয়ার, গিয়াস কামাল চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী ড. আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা সানাউল হক নীরু, সাজু কামালসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা দেসালিওসহ কয়েকজন কুটনীতিক উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান ও মাহী বি চৌধুরী।
অনুষ্ঠানে বিএনপির খালেদাপন্থী অংশ এবং জামাতে ইসলামীর কোনো নেতাকে দেখা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২১৩৮ঘ.
bdnews24