ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে খন্দকার আখতার হামিদ পবন ও তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবারের মধ্যে পবন ও খন্দকার এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর জন্য সব ব্যাংকের প্রধান নির্বাহীদের দেওয়া হয়েছে। ব্যাংকগুলো রোববার এ চিঠি পেয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে খন্দকার আখতার হামিদ পবন ও খন্দকার এন্টাপ্রাইজের নামে সঞ্চয়ী, চলতি, স্থায়ী আমানতসহ (এফডিআর) সব ধরনের আর্থিক লেনদেনের শুরু থেকে এ পর্যন্ত পরিচালিত হিসাব দুদকে পাঠাতে বলা হয়েছে। তাদের বন্ধ করে দেওয়া হিসাবের তথ্যও জানাতে বলেছে দুদক।
আখতার হামিদ পবন বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত বিএনপি জোট সরকারের সময় গাড়ি চুরির অভিযোগে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২২৩৩ ঘ.
bdnews24