২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ন্যায়বিচারের নিশ্চয়তা চান মান্নান

বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে খালেদা জিয়ার হাতে বহিস্কৃত বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া শুক্রবার সাংবাদিকদের বলেন,''বেগম জিয়ার মামলাটি বিচারাধীন বলে এ বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে আমি চাই, তিনি যেন সুবিচার পান।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 08:25 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে খালেদা জিয়ার হাতে বহিস্কৃত বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া শুক্রবার সাংবাদিকদের বলেন,''বেগম জিয়ার মামলাটি বিচারাধীন বলে এ বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে আমি চাই, তিনি যেন সুবিচার পান।'' দুপুরে রাজধানীর গুলশানের ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়া বলেন,"কেবল জেল জুলুম দিয়ে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। দুর্নীতি দমনে দেশে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন।'' গত ৩ সেপ্টেম্বর দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেপ্তারের আগে মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিস্কার করেন। বহিস্কারের সিদ্ধান্ত না মানলেও দলের ঐক্য চেয়ে তিনি বলেন,"আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে প্রস্তত হতে হবে। আমি দলের ঐক্য চাই এজন্য যে, নির্বাচন অতি নিকটে। দেশ আর ১১ জানুয়ারির পেছনে ফিরে যাবে না। এজন্য বিএনপির ঐক্য জরুরী। ভেদাভেদ ভুলে দলকে আমাদের শক্তিশালী করতে হবে।'' দলে সংস্কারের পক্ষে তার অবস্থান ব্যাখ্যা করে মান্নান ভূঁইয়া বলেন, "দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ভাবমূর্তির রক্ষায় আমি সংস্কার চাই। এ সংস্কারের মাধ্যমে বিএনপি জনগনের কাছে গ্রহনযোগ্য ও শক্তিশালী সংগঠন হিসেবে প্রকাশ পাবে বলেই আমি দলে সংস্কার প্রস্তাব দিয়েছি। এগুলো প্রস্তাব মাত্র। কোনো কিছুই চূড়ান্ত নয়। সংস্কারের জন্য আরও প্রস্তাব আছে। দলের কাউন্সিল অধিবেশনে ওইসব প্রস্তাব আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আমরা সকলকে নিয়েই কাউন্সিল করব। কাউকে বাদ দিয়ে নয়।'' বিএনপির খালেদাপন্থী অংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে এক টেবিলে বসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন,''ব্যক্তিতে ব্যক্তিতে ঐক্যের কিছু নেই। রাজনৈতিক ঐক্য হতে হবে। দেলোয়ার সাহেব আমার মুরুব্বী। তাকে আমি মান্য করি। আশা করি আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য হবে।" মান্নান ভূঁয়াকে বহিষ্কারের পর দেলোয়ারকে মহাসচিব নিয়োগ করেন খালেদা জিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪০০ ঘ.