চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাতকানিয়া-লোহাগাড়ার জামায়াতে ইসলামির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এবার একটি হত্যা মামলা হয়েছে। মামলায় সাতকানিয়া উপজেলার জামায়াতের আমির নুরুল হককেও আসামি করা হয়েছে।
উপজেলার গারাঙ্গিয়া গ্রামের ডেপুটি পাড়ার আয়েশা আক্তার স্বামী ফরিদুল আলমকে হত্যার অভিযোগে মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ আমলি আদালতে এই দুজনসহ ৪৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বিচারক শেখ ফরিদ আহমেদ মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "শাহজাহান চৌধুরীসহ ৪৮ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা করা হয়েছে। তবে আদালতের আদেশের কপি এখনও থানায় এসে পৌঁছেনি।"
মামলায় অভিযোগ করা হয়েছে, গারাঙ্গিয়া ডেপুটি পাড়া এলাকায় শাহজাহান চৌধুরীর নির্দেশে তার সহযোগীরা ২০০৫ সালের ১ জানুয়ারি ফরিদকে পিটিয়ে হত্যা করে।
এজাহারে আরও বলা হয়, "এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্ব শত্র"তার জের ধরে শাহজাহান চৌধুরী ও নুরুল হক এ হত্যাকাণ্ড ঘটান।"
শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে জরুরি অবস্থা জারির পর এ নিয়ে মোট পাঁচটি মামলা হল। এর মধ্যে সাতকানিয়া থানায় তিনটি চাদাঁবাজির এবং চট্টগ্রাম বন্দর থানায় দুর্নীতি দমন কমিশনের একটি মামলা রয়েছে। পুলিশ সূত্র জানায়, শাহজাহান চৌধুরী এখন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24