২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের প্রশ্নে নির্বাচন কমিশনাররা এখনও মুখ খুলছেন না

প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে বিচারপতি এম এ আজিজ পদত্যাগ করার পর থেকেই অন্যান্য কমিশনারদের পদত্যাগের কথাটি ঘুরপাক খাচ্ছে নির্বাচন কমিশনে। অবশ্য আট দিন পার হয়ে গেলেও কেউই এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নির্বাচন কমিশন পুনর্গঠনে  সরকারি উদ্যোগের কথা জানা গেলেও কমিশনের পক্ষ থেকে বারবারই একই কথা বলা হচ্ছে। কমিশনাররা বলছেন, রাষ্ট্রপতি অনুরোধ করলে বিষয়টি ভেবে দেখবেন তারা।

ভারপ্রাপ্ত সিইসিকে রাষ্ট্রপতি বুধবার বঙ্গভবনে ডেকে পাঠিয়েছেন। রোববার বিকেলে বঙ্গভবন থেকে টেলিফোনে রাষ্ট্রপতির এই বার্তা মাহফুজুর রহমানকে জানানো হয়।

রাষ্ট্রপতির ডাক পাঠানোর খবরে সোমবার নির্বাচন কমিশনে নানা জল্পনা--কল্পনা চলতে থাকে। 

বিকেলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর  রহমান অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা জানতে চান, “আপনি কী বঙ্গভবনে যাচ্ছেন?” তাঁর উত্তর, “গেলে দেখবেন?”

কবে বঙ্গভবনে যাবেন, তা জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত সিইসি আবারও সংক্ষিপ্ত জবাব দেন, “তা -- ও দেখবেন।”

আরেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরীর কাছে সাংবাদিকরা জানতে চান বুধবার কী আপনারা বঙ্গভবনে যাচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও বলতে পারছি না।”

পদত্যাগের প্রশ্নে আপনার সিদ্ধান্ত কি -- তা জানতে চাওয়া হলে মোদাব্বির হোসেন বলেন, “আমি আগেও বলেছি, রাষ্ট্রপতি অনুরোধ করলে, অবশ্যই তা বিবেচনা করবো।”

তিনি জানান, এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এখনও তাঁর কাছে অনুরোধ আসেনি। আর এ সবই তাঁর ব্যক্তিগত মন্তব্য।

মাহমুদ হাসান মনসুর পদত্যাগের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, “এ সময় কোনো মন্তব্য করা ঠিক হবে না।  কেননা যে কোনো  মন্তব্য প্রশাসনিক নৈরাজ্য ডেকে আনতে পারে।

বুধবার তিনি অফিস করছেন কিনা -- তা জানতে চাওয়া হলে মাহমুদ হাসান মনসুর বলেন, “অফিস না করার তো কোনো কারণ দেখছি না।”

কমিশনার মো. সাইফুল আলম সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এদিকে ২১ ডিসেম্বর থেকে ছুটিতে থাকা কমিশনার স ম জাকারিয়ার ছুটি বুধবার শেষ হচ্ছে।