রাজাকারদের সঙ্গে এক টেবিলে বসতে বিবেকে বাধে: বিএনপির পদত্যাগী নেতা মীর শওকত
মীর শওকত আলী বিএনপির সহ--সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিএনপি ও তার জোটের রাজনীতি সম্পর্কে তীব্র সমালোচনা করেছেন জীবিতদের জন্য সর্বোচ্চ সম্মান পাওয়া এ মুক্তিযোদ্ধা। সিনিয়র রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদকে তিনি বলেছেন: “১৯৭১ সালে যেসব ছেলেরা আমার নির্দেশে যুদ্ধ করে রাজকার-আলবদরদের হাতে নিহত হয়েছে, সেই রাজকারদের সঙ্গে এক টেবিলে বসতে আমার বিবেক বাধা দেয়। এটা আমার নেত্রীকেও আমি বলেছি।”
বিএনপির সহ--সভাপতি পদ ছেড়ে দিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লে. জেনারেল (অব.) মীর শওকত আলী।
সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, ‘‘দলে যার প্রয়োজনীয়তা নেই তার অযথা পদ আকঁড়ে থাকাটা আমি কখনও ভাল মনে করব না। সেই পদে আরেকজন এলে হয়ত অবদান রাখতে পারবেন।’’
মীর শওকত আলীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রোববার খালেদা জিয়ার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
দলের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৯১-৯৬ বিএনপি প্রশাসনে প্রথমে শ্রম এবং পরে খাদ্য মন্ত্রী শওকত আলী দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ নির্বাচন, বিএনপি-আওয়ামী লীগের রাজনীতিসহ নানা বিষয়ে নফহবংি২৪.পড়স-এর সঙ্গে কিছু খোলামেলা কথা বলেছেন।
প্রশ্ন: বিএনপির রাজনীতিতে কীভাবে এলেন?
মীর শওকত: প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি আমার সিনিয়র এবং একই সঙ্গে লিডার। জিয়ার দেশপ্রেমই আমাকে তার ঘনিষ্ঠ হতে প্রেরণা দিয়েছে। তার সঙ্গেই চট্টগ্রামে মাতৃভূমির জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি। মুক্তিযুদ্ধে অনেক কাছ থেকে জিয়াকে বোঝার সুযোগ হয়েছিল। রাজনীতিতে আমার হাতেখড়ি বেগম জিয়ার মাধ্যমে। তিনি আমাকে সেই সুযোগ করে দিয়েছিলেন। এজন্য ব্যক্তিগতভাবে তাঁর কাছে আমি কৃতজ্ঞ।
প্রশ্ন: তাহলে আপনি কী এখন এই দলের সঙ্গে নেই?
মীর শওকত : তা কথা থেকে বুঝে নিতে হবে। ১৯ দফা কর্মসূচি নিয়ে জিয়া যে দলের যাত্রা শুরু করেছিলেন, সেই দল কালের পরিক্রমায় বিবর্তিত হয়ে গেছে। জিয়ার আদর্শ এখন আর বিএনপিতে আছে কিনা আপনিই বলুন। এখন নিজেকে বড়ই অসহায় ও নিঃসঙ্গ মনে হয়। সহসভাপতি পদ নিয়ে বসে আছি। কোনো কাজ নেই, দায়িত্ব নেই। এভাবে পদ আঁকড়ে থাকাটাকে ভালো মনে করি না।
প্রশ্ন : নির্বাচনে আপনাকে কেনো দল মনোনয়ন দেয়নি। সংসদ সদস্য হলে তো কাজের সুযোগ থাকতো।
মীর শওকত : মনোনয়ন দেওয়া হয়নি, এটা ঠিক নয়। এবার ম্যাডাম নিজেই আমাকে ডেকে মনোনয়ন দিতে চেয়েছিলেন। কিন্তু যুদ্ধাপরাধীদের সঙ্গে এক টেবিলে বসতে হবে বলেই আমি ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছি। আবার আমার দল রাজনৈতিক কারণে জোটবদ্ধ হয়েছে, তাকে আমি মেনেও নিয়েছি। এটা দলের কৌশল হতে পারে। কিন্তু আমি মনে করি, ১৯৭১ সালে যেসব ছেলেরা আমার নির্দেশে যুদ্ধ করে রাজকার-আলবদরদের হাতে নিহত হয়েছে, সেই রাজকারদের সঙ্গে এক টেবিলে আমার বসতে বিবেক বাধা দেয়। এটা আমার নেত্রীকেও আমি বলেছি।
প্রশ্ন: আপনি কী মনে করেন, দেশ গত পাঁচ বছর ভাল চলেছে।
মীর শওকত : একেবারে ভাল বলব না। তবে ব্যর্থতা থাকলেও অনেক ক্ষেত্রে সাফল্য কিংবা অগগতি হয়েছে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অনেক। মানুষের জীবনমানেরও উন্নতি হয়েছে। সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতা ছিল বলে ব্যাপক সাফল্য ছিল। তবে দুনীর্তির করাল গ্রাসে দেশ ক্ষত-বিক্ষত হয়েছে। নানা কারণে বিদেশে দেশের ভাবমূর্তিও বিনষ্ট হয়েছে। সব মিলে আমি বলব যে, ১৯৯১ সালের বিএনপির সরকার গত সরকার থেকে ভাল ও দক্ষ ছিল।
প্রশ্ন : গত সরকারের সময়ে বিরোধী দলের কার্যক্রমকে কীভাবে মূল্যায়ন করবেন?
মীর শওকত: প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সংসদে টানা অনুপস্থিতি গণতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করেছে। বিরোধী দল সরকারকে পদে পদে অসহযোগিতা করেছে। বিরোধী দল যেমন একরোখা ছিল, তেমনি সরকারি দল হিসেবে বিএনপি তাদের উদার মনোভাব প্রর্দশন করতে কৃপণতা দেখিয়েছে বলে আমার মনে হয়েছে। সরকার ও বিরোধী দল যদি এক সঙ্গে কাজ করতে পারতো, তাহলে এ পরিস্থিতির হতো না।
প্রশ্ন : আগামী নির্বাচন সর্ম্পকে আপনার ভাবনা কী?
শওকত : দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, সেখানে সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এজন্য চাই, নির্বাচন কমিশন পুনর্গঠন করে শক্তিশালী করা, প্রশাসনকে প্রজাতন্ত্রের জায়গায় নিয়ে আসা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধীকরণ ও তাদের অর্থের বার্ষিক হিসাব পদ্ধতি চালু ও তা নিরীক্ষণের (অডিট) ব্যবস্থা করা, নির্বাচনে প্রার্থীদের কালো টাকার ব্যবহার রোধে প্রচলিত আইনের সংস্কার, আইনসভার সদস্যদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করা, সংসদ নির্বাচনে প্রার্থীর সম্পদের সঠিক হিসাব ভোট গ্রহণের আগেই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া এবং দুর্নীতিরোধে কঠোর আইন প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এসব কাজ করা গেলে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যেও জবাবদিহিতা ও স্বচ্ছতা ফিরে আসবে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা পাবে। তবে আশার কথা যে, বর্তমান সরকার এসব কাজগুলোতে হাত দিয়েছেন যাতে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারবে।
মুক্তিযুদ্ধে পাঁচ নং সেক্টরের ( উত্তর সিলেট ) অধিনায়ক মীর শওকত সেনা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেছেন। ১৯৮১ সালে তদানীন্তন সেনা বাহিনীর উপ প্রধান এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর রাষ্ট্রপতির প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মীর শওকতকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। এরপর তাঁকে মিশর ও জার্মানীর রাষ্ট্রদূত এবং পরে বৃটেনের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৮৭ সালে তিনি সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে দেন। এরপর ১৯৮৮ সালে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে ঢাকার লালবাগ আসনে সাংসদ ও মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। জীবনের বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক সর্ম্পকে বিষয়ে বক্তব্য দিয়ে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
তিনি মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য সর্বোচ্চ পদক বীরোত্তম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পরে কৃষি ও ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য তিনি দু’বার রাষ্ট্রপতি স্বর্ণ পদক লাভ করেন।
