সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া
বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর কার্যালয়ে বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাৎ করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট নির্বাচনী সহায়তায় তার সরকারের আগ্রহের কথা বলেছেন।
সভা শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় ছাড়াও তারা বর্তমান অবস্থা এবং নির্বাচন প্রস্তুতি নিয়েও আলোচনা করেন।
নির্বাচনে অস্ট্রেলিয়ার সহায়তা বিষয়ে এক প্রশ্নের জবাবে ফসকেট বলেন, “আমরা যেসব সহযোগিতা করতে পারবো সেগুলোর প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচনের সঠিক সময় হলে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের যেকোনো অনুরোধ আমরা বিবেচনা করবো।”
নির্বাচনের সময়সীমা সম্পর্কে বলতে বললে ফসকেট কোনো মন্তব্য না করে ১৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার তার বক্তব্যে বলেছিলেন, “আমি নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ এবং পরবর্তীতে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই সঙ্গে নতুন তফসিলে যথাসময়ে এবং শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার সাফল্য কামনা করি। আমি আশা করি সব দল এ নির্বাচনে অংশ নেবে।”
