রাষ্ট্রপতি অনুরোধ করলে পদত্যাগে রাজি আছেন মাহফুজুর রহমান
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ অনুরোধ জানালে পদত্যাগ করতে রাজি আছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান।
রাষ্ট্রপতি আপনাকে অনুরোধ জানালে আপনি কি পদত্যাগ করবেন--এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ভেবে দেখবো।”
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান এ কথা বলেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছ থেকে গত ১২ জানুয়ারি ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ফাহফুজুর রহমান এই প্রথম তার পদত্যাগের ব্যাপারে পরিস্কার কোন কথা বললেন।
এরই মধ্যে দুই উপদেষ্টা মুদাব্বির হোসেন চৌধুরী এবং মোঃ সাইফুল আলম বলেছেন, ‘রাষ্ট্রপতি অনুরোধ জানালে তারা পদত্যাগের কথা ভেবে দেখবেন’। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওনারা বলেছেন ভেবে দেখবেন, কিন্তু এর মধ্যে আরো অনেক কথা আছে।”
এর আগে আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশনারদের নিজেদেরই সরে যাওয়া উচিত’।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ভারপ্রাপ্ত সিইসি পাল্টা প্রশ্ন করে বলেন, “আমরা শপথ নিয়ে সাংবিধানিক পদে আছি। এছাড়া আইন উপদেষ্টা নিজেই তো বলেছেন, আমাদের পদত্যাগ করানোর ক্ষমতা তাদের নেই।”
