ঘরোয়া রাজনীতি’ করতে নেতাকর্মীদের হাসিনার নির্দেশ
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জরুরি অবস্থার প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ‘ঘরোয়া রাজনীতির’ মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
দলের ধানমণ্ডি কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামসহ নয় জেলার নেতাদের সঙ্গে তিন ঘণ্টা ধরে এক মতবিনিময় সভায় হাসিনা এ নির্দেশের পাশাপাশি নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গেও কথা বলেন বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানান, শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। সভায় নেত্রী তাদের জানিয়েছেন, এর আগে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছিল তা চূড়ান্ত কিছু নয়। এ তালিকায় পরিবর্তন হবে।
পর্যায়ক্রমে সব জেলার নেতাদের সঙ্গেই হাসিনা কথা বলবেন বলে ধানমণ্ডি কার্যালয় সূত্রে জানা গেছে।
সভায় চট্টগ্রাম ছাড়াও রংপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, বরগুনা, খাগড়াছড়ি, কক্সবাজার, পটুয়াখালী, নারায়ণগঞ্জের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
