দূর্নীতি দমন কমিশনের কার্যক্রম খতিয়ে দেখতে ৭ সদস্যের কমিটি
দূর্নীতি দমন কমিশনের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি দূর্নীতি দমন কমিশনের প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক এবং আইনগত কোন সমস্যা আছে কিনা তা পরীক্ষা--নিরীক্ষা করবে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে সোমবার রাতে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন, মন্ত্রীপরিষদ সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, অ্যাটর্নি জেনারেল ও দূর্নীতি দমন কমিশন সচিব।
কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে আইন মন্ত্রণালয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যেসব অঙ্গীকার করেছেন তা কীভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দূর্নীতি সংক্রান্ত বিষয়েও দীর্ঘ আলোচনা হয়।
উপদেষ্টারা নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পাশাপাশি প্রয়োজনে ঘন--ঘন বৈঠকে বসবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।
