প্রধান উপদেষ্টার ভাষণে গণদাবি ফুটে উঠেছে: এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার প্রধান উপদেষ্টার ভাষণের জন্য তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে জনগণের দাবির বাস্তবতা ফুটে উঠেছে।
তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা অনুসারে জাতীয় পার্টি তথা মহাঐক্যজোটের দাবি ছিল গণতন্ত্রের বিকাশের স্বার্থে এবং দেশের মঙ্গলের জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের কাঙ্খিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে তার সরকারের আন্তরিকতা, সদিচ্ছা ও দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত হয়েছে।
দলের পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, প্রধান উপদেষ্টা জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলেছেন। তিনি দেশের বাস্তব পরিস্থিতি যথার্থভাবেই উপলব্ধি করেছেন।
এরশাদ বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পুনর্গঠনের পর একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা সম্ভব। এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে।
এরশাদ তার দলের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সাহায্য ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অপর এক বিজ্ঞপ্তিতেও দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে দেশের রাজনৈতিক-- অর্থনৈতিক সংকট এবং অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাধাগুলো সঠিকভাবে চিহ্নিত হওয়ায় অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেছেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে জাতির আকাঙ্খা ও ১৪ দলের দাবির ন্যায্যতারই স্বীকৃতি দিয়েছেন।
